সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক বেড়েছে। এতে গত সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে উঠে এসেছে ডিএসইর প্রধান মূল্যসূচক।
গতকাল লেনদেনের শুরু থেকেই বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার প্রবণতা দেখা যায়। যা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত। বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়লেও সব থেকে বেশি দাপট দেখিয়েছে মিউচ্যুয়াল ফান্ড ও বস্ত্র খাতের কোম্পানি। তালিকাভুক্ত ৩৭টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে একটিও দরপতনের তালিকায় নাম লেখায়নি। ৩৬টি মিউচ্যুয়াল ফান্ডের দাম বেড়েছে। আর একটির দাম কমেছে। অপরদিকে, বস্ত্র খাতের ৫৮টি কোম্পানির মধ্যে ৪৭টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৯টির দাম কমেছে এবং দুটির দাম অপরিবর্তিত রয়েছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে ২৭০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ৭৯টির। আর ২৬টির দাম অপরিবর্তিত রয়েছে। গতকাল লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৪ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০৭ পয়েন্টে উঠে এসেছে। যা ২০১৮ সালের ৩ জানুয়ারির পর সর্বোচ্চ। ২০১৮ সালের ৩ জানুয়ারি সূচকটি ছিল ৬ হাজার ৩১৮ পয়েন্টে।
প্রধান মূল্যসূচকের উত্থানের পাশাপাশি বেড়েছে ডিএসইর অপর দুই সূচক। এর মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক দশমিক ২০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৭৪ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ছয় পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গতকাল ডিএসইতে বেড়েছে লেনদেনের পরিমাণও। দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৮৯ কোটি ৮৫ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১ হাজার ৬৪৮ কোটি ৮৯ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ১৪০ কোটি ৯৬ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৭২ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেক ৫৫ কোটি ৯৭ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৩ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে লাফার্জহোলসিম। এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—শাইনপুকুর সিরামিক, ফুয়াং ফুড, অ্যাক্টিভ ফাইন, ফুয়াং সিরামিক, পাওয়ার গ্রিড, ওরিয়ন ফার্মা এবং বিডি থাই।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১১৬ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৬৯ কোটি ৭৪ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ৩২১টি প্রতিষ্ঠানের মধ্যে ২২২টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৫টির এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে।
