বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) অনলাইন ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুনভাবে যুক্ত হলো আরো চারটি সেবা। এই সেবার মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের একটি, বিদ্যুত্ সংযোগ প্রদান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দুইটি, ইমারত নির্মাণ অনুমোদন ও বৃহদায়তন বা বিশেষ প্রকল্প ছাড়পত্র অনুমোদন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি, নিবন্ধনপত্রের সংশোধনী প্রদান সেবাসমূহ পাওয়া যাবে। গতকাল বৃহস্পতিবার বিডা আয়োজিত এক ভার্চুয়াল সভায়, বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুত্ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যথাযথ কাগজপত্র প্রদান করে অনলাইনে আবেদন করার সাত দিনের মধ্যে বিদ্যুত্ সংযোগ প্রদান করবে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, আমাদের কম সময়ে, কম খরচে, দ্রুত স্বচ্ছ সেবা দিতে হবে। তাহলে ব্যবসায়-বিনিয়োগ শুরু করার প্রকৃত সময় এবং খরচ অনেক কমে যাবে। ফলে ইজ অব ডুয়িং সূচকে আমাদের অনেক অগ্রগতি হবে যা বিদেশি বিনিয়োগের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
