বাংলাদেশ নারী ক্রিকেটারদের বেতন বাড়িয়েছে বিসিবি। সর্বশেষ বোর্ড সভায় জাতীয় নারী ক্রিকেট দলের নতুন বেতন কাঠামো অনুমোদন দিয়েছে বোর্ড। চলতি মাস থেকেই যা কার্যকর হবে। বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন অন্তত ২০ শতাংশ হারে বাড়ানো হয়েছে।
সর্বোচ্চ ৫০ হাজার টাকা বেতন পাওয়া ক্রিকেটাররা চলতি মাস থেকে ৬০ হাজার টাকা পাবেন। যাদের বেতন ছিল ২০ হাজার তারা পাবেন ২৫ হাজার। বিসিবির বেতনভুক্ত নারী ক্রিকেটারদের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। এখন থেকে ‘এ’ গ্রেডে ৬০ হাজার, ‘বি’ গ্রেডে ৫০ হাজার, ‘সি’ গ্রেডে ৩৫ হাজার ও ‘ডি’ গ্রেডে থাকা ক্রিকেটাররা ২৫ হাজার টাকা করে বেতন পাবেন।
এছাড়া নারী ক্রিকেটারদের ম্যাচ ফিও বাড়ছে। ওয়ানডেতে ১০০ ডলার থেকে ম্যাচ ফি করা হয়েছে ৩০০ ডলার। টি-২০ তে ৭৫ থেকে বাড়িয়ে ১৫০ ডলার করা হয়েছে। বিসিবির উইমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন। বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারের সংখ্যাও ১৯ থেকে বাড়িয়ে ২২ জন করা হয়েছে।
বিসিবির এ পরিচালক বলেছেন, ‘গত বোর্ড সভার সিদ্ধান্ত অনুযায়ী আমরা মেয়েদের বেতন ২০ শতাংশ বাড়িয়েছি। যারা আগে ৫০ হাজার টাকা বেতন পেতেন তারা এখন থেকে পাবেন ৬০ হাজার টাকা। আর যারা ২০ হাজার পেতেন তারা পাবেন ২৫ হাজার করে। বেতন বাড়ানোর পাশাপাশি বাড়ানো হয়েছে ম্যাচ ফি। টি-২০ তে আগে যেখানে ম্যাচ ফি ছিল ৭৫ ডলার, যা বর্তমানে বাড়িয়ে ১৫০ ডলার করা হয়েছে। আর ওডিআইতে ১০০ ডলার থেকে বাড়িয়ে ৩০০ ডলার করা হয়েছে।’
