আজ শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের অধিনায়ক তামিম ইকবাল প্রতিপক্ষের স্কোয়াড খুঁজছেন। কাদের বিরুদ্ধে খেলবেন, তাই জানেন না তামিম। কারণ তখন অব্দি ওয়ানডে দলটা ঘোষণা করেনি জিম্বাবুয়ে। যা দেখে অবাক তামিম।
জিম্বাবুয়ে দল সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশের অধিনায়ক গতকাল বলেছেন, ‘আমরা জানি না কাদের বিপক্ষে আমরা খেলছি। জানি না কারা আমাদের বিপক্ষে খেলবে। ম্যাচ শুরুর ২৪ ঘণ্টারও কম সময় আছে অথচ এখনো দল কেমন হবে জানানো হয়নি।’ স্বাগতিকদের এমন কাণ্ডে অবাক তামিম। তিনি বলেছেন, ‘এটা আমার কাছেও অবাক লেগেছে। ২৪ ঘণ্টাও বাকি নেই। সাধারণত এই সময়ে টিম মিটিং, ব্যাটিং মিটিং, বোলিং মিটিং করে। দলই যদি না জানেন, কি নিয়ে ব্যাটিং করবেন! এটা অবাক করার মতো।’
গুঞ্জন আছে, করোনার কারণে টেস্ট মিস করা শন উইলিয়ামস, ক্রেইগ আরভিনকে আজ প্রথম ওয়ানডেতে খেলাতে পারে জিম্বাবুয়ে। কিন্তু তাদের ফেরার প্রক্রিয়াও স্পষ্ট নয় তামিমের কাছে। তিনি বলেছেন, ‘তাদের অংশগ্রহণ নিয়ে আমার কিছু বলার নেই। কিন্তু যেকোনো খেলোয়াড়কে খেলতে হলে আমরা যে হোটেলে আছি সেখানে ১০ দিন কোয়ারেন্টাইন করতে হবে। কিন্তু আমি কাউকে দেখিনি এখানে। এটা আসলে ওদের বোর্ড ভালো বলতে পারবে।’
