টোকিও অলিম্পিক গেমসে আজ হতে বাংলাদেশের ক্রীড়াবিদরা টোকিও যেতে শুরু করবেন। এবার করোনা পরিস্থিতি মাথায় রেখে দর্শকশূন্য স্টেডিয়ামেই ৩৩৯টি ইভেন্টের সবকটি আয়োজিত হবে। এবার বদলে ফেলা হলো মেডেল দেওয়ার চিরাচরিত রীতি। সাধারণত অলিম্পিক কমিটির কোনো সদস্য বা বিভিন্ন দেশের ক্রীড়া সংগঠনের বড় কর্তাদের দিয়ে পদক জয়ীদের গলায় পদক পরিয়ে দেওয়া হয়। এবার সেই প্রথা ভেঙে যাচ্ছে। টোকিও চাইছে পোডিয়ামে উঠে ক্রীড়াবিদরা নিজেরাই পদক তুলে নেবেন। এমনকি কেউ কারো সঙ্গে হাতও মেলাতে পারবেন না।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতি টমাস বাখ জানান, ‘ক্রীড়াবিদদের গলায় পদক পরানো হবে না। তাদের সামনে ট্রেতে পদক রাখা থাকবে, পদক জয়ী নিজেরাই সেই পদক তুলে নেবেন। ট্রেতে পদক রাখার আগে তিনি যেন নিজে জীবাণুমুক্ত গ্লাভস হাতে দায়িত্ব পালন করেন, তা নিশ্চিত করা হবে। এর ফলে ক্রীড়াবিদরাও আশ্বস্ত হবেন যে তাদের আগে অন্য কেউ পদকগুলো স্পর্শ করেনি।’ ইউরোর ফাইনালে ফুটবলারদের নিজ হাতে পদক পরিয়ে দিয়েছেন উয়েফার সভাপতি আলেকজান্দ্রে সেফেরিন। কিন্তু ইউরোপে করোনা পরিস্থিতি খানিকটা উন্নত হলেও সেই সুযোগ নেই এশিয়ায়। ফলে করোনার কথা মাথায় রেখেই সতর্ক টোকিও অলিম্পিক।
