রাজধানীতে অজ্ঞান ও মলম পার্টি এবং ছিনতাইকারী চক্রের ১৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। গত বুধবার সদরঘাট ও হাজারীবাগ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সদরঘাট এলাকায় অভিযানে নেতৃত্ব দেওয়া কোতোয়ালি জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. সাইফুর রহমান আজাদ বলেন, বুধবার সদরঘাটের মিউনিসিপ্যাল হকার্স মার্কেট এলাকায় অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির আট সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—জুয়েল রানা, আবুল কালাম আজাদ, মিজানুর রহমান, সজল মিয়া, সোহাগ হোসেন, মাহমুদুল হাসান, রাসেল মিয়া ও বদরুল রহমান পাপ্পু। এ সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ চেতনানাশক ওষুধ, স্প্রে ও মলমের কৌটা জব্দ করা হয়।
তিনি আরো বলেন, সাধারণত বড় কোনো উত্সব, বিশেষ করে ঈদ উপলক্ষ্যে অজ্ঞান পার্টি বা মলম পার্টির দৌরাত্ম্য বেড়ে যায়। তাই মহানগরবাসী যাতে স্বস্তিতে ঈদ উদ্যাপন করতে পারে, এ জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ অপরাধ নিয়ন্ত্রণে তত্পর রয়েছে।
তিনি আরো বলেন, দিনের অপর এক অভিযানে গোয়েন্দা লালবাগ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমানের নেতৃত্বে হাজারীবাগ থানার বেড়িবাঁধ এলাকা থেকে রাজীব, সিরাজ, সুমন, আরিফ হোসেন ও রিপন মোল্লা নামে পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি উদ্ধার করা হয়। এ ব্যাপারে কোতোয়ালি ও হাজারীবাগ থানায় পৃথক মামলা হয়েছে।
