অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে নৌবাহিনীর মানবিক সহায়তা প্রদান

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২২:১২

করোনা পরিস্থিতিতে দেশের উপকূলীয় প্রত্যন্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসহায়তা পৌঁছে দিচ্ছেন নৌবাহিনীর সদস্যরা। গতকাল বৃহস্পতিবার কমান্ডার খুলনা নেভাল এরিয়ার তত্ত্বাবধানে খুলনা মহানগরী ও দিঘলিয়া উপজেলার জাতীয় দৃষ্টিহীন ও দৃষ্টিপ্রতিবন্ধী সংস্থা এনএসডিপি বাংলাদেশের ১ হাজার পরিবারের মধ্যে এবং সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার জয়াখালির নারী সংগঠনের ৫০০ অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের তত্ত্বাবধানে বাগেরহাট জেলার জয়মনি ও দাকোপের বাজুয়াত এলাকায় ১ হাজার ৮০০ কর্মহীন ও ছিন্নমূল পরিবারের মধ্যে খাদ্যসহায়তা ও নগদ অর্থ প্রদান করা হয়। সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে ১০ দিনের চাল, ডাল, আটা, লবণ, খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনো খাবারসহ নগদ অর্থ ও বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। —আইএসপিআর