চট্টগ্রামের একটি খালের পানিতে ভেসে উঠেছে মৃত ডলফিন। গতকাল বৃহস্পতিবার বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদণ্ডী এলাকায় কর্ণফুলী নদীর শাখা ছন্দারিয়া খালে ডলফিনটি ভেসে ওঠে। পরে স্থানীয়দের কাছে খবর পেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া ঘটনাস্থলে গিয়ে ডলফিনটি উদ্ধার করেন। ডলফিনটি প্রায় সাত ফুট লম্বা, ওজন ১০০ কেজি। অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া বলেন, মৃত ডলফিনটির ময়নাতদন্তে দেখা যায় দুই দিন আগে বড় ধরনের আঘাতে তার মৃত্যু হয়েছে। হয়তো নদীতে কোনো ইঞ্জিনচালিত নৌযানের আঘাত লেগেছে। ডলফিনটি পরে মাটিচাপা দেওয়া হয়েছে।
