সিলেট জেলায় ৫২টি পশুর হাট অনুমোদন

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২২:১৪

এবার সিলেট বিভাগে কোরবানির পশুর হাট নিয়ে ক্রেতাদের দুশ্চিন্তা হাটে করোনা সংক্রমণ ছড়াতে পারে আর খামারিদের চিন্তা হাট বসানো নিয়ে। এবার সিলেট জেলায় মিলেছে ৫২টি পশুর হাটের অনুমোদন। নগরীর স্থায়ী পশুর হাট কাজীরবাজার ছাড়াও সিলেট সিটি করপোরেশনের পক্ষ থেকে বসানো হবে আরো তিনটি অস্থায়ী হাট। সব উপজেলা মিলে আরো ৪৯টি হাট অনুমোদন করেছে সিলেট জেলা প্রশাসন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ। সিলেট নগরীর দক্ষিণ সুরমার ট্রাক টার্মিনাল, নগরের মাছিমপুর এলাকার কয়েদির মাঠ ও শাহী ঈদগাহ এলাকার কালাপাথর মাঠে অস্থায়ী পশুর হাট বসাবে সিসিক। পশুর হাটের অনুমোদনে ক্ষুদ্র খামারি-চাষিদের মধ্যে স্বস্তি ফিরলেও বিপদ দেখছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মামুনুর রশীদ বলেন, এসব হাটে যাতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হয় সেদিকে কড়াকড়ি নজরদারি থাকবে। তাছাড়া অপেক্ষাকৃত বড় জায়গায় এসব হাটের অনুমোদন করা হয়েছে।

শহর শহরতলিতে ছোট-বড় প্রচুর খামার গড়ে উঠেছে

সিলেট বিভাগে কোরবানির পশুর চাহিদা সাড়ে ৪ লাখ। স্থানীয় খামারিদের কাছে রয়েছে ৫ লাখ ৭৪ হাজার কোরবানির পশু। সূত্র জানায়, ভারতীয় গরু আমদানি বন্ধ ও সরকারের নানামুখী পদক্ষেপের ফলে গত কয়েক বছর থেকে তরুণ ও যুব উদ্যোক্তারা এই ব্যবসায় ঝুঁকছেন। প্রাণিসম্পদ অফিস জানায়, সিলেট বিভাগে গরু মোটাতাজাকরণ খামারি রয়েছেন ১৩ হাজার। তাদের কাছে কোরবানিযোগ্য গরু ও ছাগল রয়েছে ১ লাখ ৭৪ হাজার। ব্যক্তিগত পর্যায়ে কৃষক পরিবারের কাছে গরু ও ছাগলের সংখ্যা রয়েছে প্রায় ৪ লাখ। এছাড়া কোরবানির সময় সিলেট জেলার বাইরে থেকেও প্রচুর গরু-ছাগল এসে থাকে।