ঠাকুরগাঁওয়ে চার জনসহ সড়কে ঝরল ১০ জনের প্রাণ। এর মধ্যে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ট্রাকের ধাক্কায় চার অটোযাত্রী, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে দুই মোটরসাইকেল আরোহী, রংপুরের কাউনিয়ায় বিজিবি সদস্য, ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু, নড়াইলের লোহাগড়ায় যুব উন্নয়ন অধিপ্তরের নৈশপ্রহরী ও সাভারের আশুলিয়ায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, সদর উপজেলার কচুবাড়ি বোর্ড অফিস নামক স্থানে বৃহস্পতিবার দুপুরে পঞ্চগড়গামী একটি দ্রুতগামী ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিন অটোযাত্রী নিহত ও চার জন গুরুতর আহত হন। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আহত আরো এক জনের মৃত্যু হয়। নিহতরা হলেন—কচুবাড়ি এলাকার মোস্তফা কামাল (৪০), চঞ্চল (৩৮) ও বাহারু (৩৭)। বাকি এক জনের পরিচয় পাওয়া যায়নি।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা জানান, গোমস্তাপুরে মোটরসাইকেল ও স্টিয়ারিং ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন, তানোর উপজেলার আড়ুয়ামোড় মুন্ডুমালা গ্রামের মুখলেসুর রহমানের ছেলে মোটরসাইকেল চালক মজিবুর রহমান (৩৭) ও আরোহী গোমস্তাপুর উপজেলার মকরমপুর গ্রামের রাফজুলের কন্যা রুবিনা খাতুন (১৮)। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আড্ডা-সড়াইগাড়ী মহাসড়কের বড়দাদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্টাফ রিপোর্টার, রংপুর জানান, ছুটিতে বাড়ি যাওয়ার পথে গতকাল সকালে রংপুরের কাউনিয়ার মীরবাগ বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী আবু হানিফ (৩৪) নামে এক বিজিবি সদস্য নিহত হন। এ সময় ট্রাকের চালককে আটক করে স্থানীয় লোকজন পুলিশে সোপর্দ করে। নিহত বিজিবি সদস্য আবু হানিফ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তালুক নাককাটি গ্রামের রুহুল আমিনের ছেলে।
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গফরগাঁওয়ের শিবগঞ্জ বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় পিষ্ট হয়ে মিনহাজ নামের পাঁচ বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়। নিহত মিনহাজ উপজেলার যশরা গ্রামের সাইদুর রহমানের ছেলে।
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা জানান, বুধবার বিকালে মোটরসাইকেলযোগে পার্শ্ববর্তী নলদী বাজারের দিকে যাওয়ার পথে ইট বোঝাই ট্রলির ধাক্কায় নড়াইল যুব উন্নয়ন অধিদপ্তরের নৈশপ্রহরী আব্দুল আলিম (৪৮) আহত হন। গুরুতর আহতাবস্থায় তাকে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। নিহত আলিম উপজেলার বারইপাড়া গ্রামের গোলাম কবির মোল্যার ছেলে।
স্টাফ রিপোর্টার, সাভার (ঢাকা) জানান, আশুলিয়ায় ট্রাকচাপায় মোহাম্মদ আলী নামের এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ আলী আশুলিয়ার জিরানী এলাকার আইরিশ পোশাক কারখানায় চাকরি করতেন। তিনি আশুলিয়ার কবিরপুর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
