নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস টোকিও গেমসে ‘অলিম্পিক লরেল’ পুরস্কার পাচ্ছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) উদ্ধৃত করে গতকাল বৃহস্পতিবার আলজাজিরার খবরে এই তথ্য জানানো হয়েছে। আইওসি বলেছে, ড. ইউনূসের ক্ষুদ্রঋণ কার্যক্রম বিশ্বে দারিদ্র কমানোর জন্য প্রশংসিত হয়েছে। ক্রীড়ার মাধ্যমে উন্নয়নের জন্য তার ব্যাপক কাজের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হচ্ছে।
৮১ বছর বয়সি এই অর্থনীতিবিদ ২০০৬ সালে শান্তিতে নোবেল জেতেন। আগামী ২৩ জুলাই টোকিও অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে তাকে পুরস্কারটি দেওয়া হবে। খেলাধুলার মাধ্যমে শিক্ষা, সংস্কৃতি এবং শান্তির বার্তা ছড়িয়ে দেওয়া মানুষের জন্য এই পুরস্কার প্রবর্তিত হয়। দ্বিতীয় ব্যক্তি হিসেবে এটি পাচ্ছেন বাংলাদেশের এই অর্থনীতিবিদ। তিনি ‘ইউনূস স্পোর্টস হাব’-এর মাধ্যমে একটি সামাজিক নেটওয়ার্ক গড়ে তুলেছেন। এই প্রতিষ্ঠানে খেলাধুলার মাধ্যমে উন্নতির পথকে আরো সহজে চেষ্টা করা হয়।
পাঁচ বছর আগে রিও গেমসে প্রথম বার পুরস্কারটি দেওয়া হয়। সেবার বিজয়ী হন কেনিয়ার সাবেক অলিম্পিয়ান কিপ কেইনো। তিনি নিজের দেশে শিশুদের জন্য স্কুলের পাশাপাশি একটি অ্যাথলেট প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছেন।
সম্প্রতি ভারতের আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, টোকিয়ো অলিম্পিক শুরু হতে এখনো কিছু দিন বাকি; কিন্তু এখন থেকেই প্যারিস অলিম্পিক নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গেছে। সেই কাজে জড়িয়ে গেছে নোবেলজয়ী মুহম্মদ ইউনুসের নাম। ২০২৪ সালে প্যারিসে অনুষ্ঠিতব্য অলিম্পিকে কী করে সুষ্ঠুভাবে বরাদ্দ অর্থ কাজে লাগানো যায় এবং অলিম্পিকের জন্য গঠিত অবকাঠামো অন্য কাজে লাগানো যায়, সেই সম্পর্কে পরামর্শ দিচ্ছেন ইউনুস।
