বেতন কমে অর্ধেক বার্সার প্রতি মেসির মহানুভবতা

আপডেট : ১৫ জুলাই ২০২১, ২২:৩৯

আঠাশ বছর পর আর্জেন্টিনা কোপার ট্রফি জিতল। ব্রাজিলের রিও ডি জেনেরিওর ঐহিতাসিক সেই মারাকানার মাঠেই অধিনায়ক মেসির হাতে উঠল বহুলকাঙ্ক্ষিত কোপার চকচকে সেই ট্রফি। কোপা জয়ের পর আর্জেন্টিনার ঘরে ঘরে আনন্দ। আর ঠিক এই সময় মেসি দেখালেন আরেক উদারতা। ক্লাব ফুটবলে নিজের পারিশ্রমিক না বাড়িয়ে উল্টো কমিয়ে দিলেন। বার্সেলোনা যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই নিজের পারিশ্রমিক কমিয়ে দিয়েছেন ফুটবল তারকা মেসি। আগের পাঁচ বছরে যে পারিশ্রমিক পেয়েছিলেন সেটার ধারে কাছে নেই মেসি। এবার সেটা কমিয়ে অর্ধেক নামিয়ে দিয়েছেন। আগের ৫ বছরে ৫৫০ মিলিয়ন ইউরো পেয়েছিলেন। এবার সেটি অর্ধেক কমে গেছে। বার্সেলোনা চেয়েছিল অর্ধেক কমিয়ে দিয়েই ঘরের মেসিকে ঘরেই রাখবে। মেসিও সেটা মেনে নিয়েছেন। আর এটা নিয়ে বিশ্ব ফুটবল মহলেও মেসির মহানুভবতা আরো বেশি আলোচিত হয়ে উঠল।

গত ৩০ জুন মেসির সঙ্গে বার্সার চুক্তি শেষ হয়ে যায়। ১৫ দিন পর্যন্ত মেসি কোনো ক্লাবেও যোগ দেননি। বার্সেলোনা মেসির কাছে চুক্তির কাগজপত্র পাঠিয়েছিল। সেগুলো নিয়ে আলোচনাও হয়েছে মেসির বাবা জর্জ মেসরি সঙ্গে। অনেকেই ধরে নিয়েছিলেন কোপা জয় করতে পারলে মেসি তার পারিশ্রমিক বাড়িয়ে দেবেন। কোপা জয় করলেও মেসি নিজের পারিশ্রমিক বাড়াননি। ফুটবল দুনিয়ায় খবর হয়েছে মেসি ৫০ ভাগ পারিশ্রমিকে খেলবেন। ২০২৬ সাল পর্যন্ত বার্সায় থাকবেন মেসি, তখন মেসির বয়স হবে ৩৯। এই বয়স পর্যন্ত মেসি ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপ পাবেন।

৩৯ বছর বয়ষ পর্যন্ত মেসির পারফরম্যান্স কেমন থাকবে সেটা বলা কঠিন। তবে  ফুটবলে এমনটা দেখা যায় না। সাধারণত এই বয়সের ফুটবলারদের চুক্তি হয় দুই বছর করে। কিংবা এক বছর। মেসিকে নিতে হলো ৫ বছরের জন্য। কথা উঠছে মেসি পারিশ্রমিক কমালেও চুক্তির মেয়াদ তিনি নিজেই বাড়িয়ে নিয়েছেন। চুক্তির আলোচনা ফুটবল দুনিয়া ছড়িয়ে গেছে। তবে আনুষ্ঠানিক ঘোষণা না হওয়া পর্যন্ত অনেক কিছুই নিশ্চিত করে বলাও যায় না। নিরব থাকলেও ম্যানসিটি, পিএসজি ইন্টার এখনও নাকি হাত বাড়িয়ে রেখেছে মেসির দিকে।