বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, পৃথিবীতে যত দিন করোনা ভাইরাসের বর্তমান অবস্থা বিদ্যমান থাকবে টিকা নিলেও ততদিন নিজের ও অপরের সুরক্ষার জন্য মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। ফ্রন্টলাইন যোদ্ধা চিকিত্সকদের উদ্দেশে উপাচার্য রোগীদেরকে নিজের পরিবারের সদস্যদের মতো আন্তরিকতার সঙ্গে চিকিত্সাসেবা প্রদানের আহ্বান জানিয়ে বলেন, সুন্দর ও ভালো ব্যবহারের মাধ্যমে রোগীদের মন জয় করা যায় এবং নিজেকে গুণী চিকিত্সক ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের এ ব্লকে ফ্রন্টলাইন যোদ্ধা চিকিত্সকদের জন্য আয়োজিত ওরিয়েন্টশন প্রোগ্রামে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এছাড়া ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর ‘স্ট্রাকচারড ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট স্টেশন সেটআপ’ শীর্ষক কর্মশালায় অংশ নিয়ে উপাচার্য শিক্ষকদের প্রতি বছরে ন্যূনতম একটি গবেষণা সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন।
এ সকল প্রোগ্রামে উপাচার্য ছাড়াও বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, আইকিউএসি পরিচালক অধ্যাপক ডা. হরষিত কুমার পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে গতকাল ৬৪০ জন মডার্নার টিকা নিয়েছেন। বেতার ভবনের পিসিআর ল্যাবে এ পর্যন্ত ১ লাখ ৬৪ হাজার ২৩ জনের কোভিড পরীক্ষা সম্পন্ন হয়েছে বলে জানা গেছে।
