বিধিনিষেধের কারণে ১৪ দিন বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চলাচল। এর আগে গত মঙ্গলবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার থেকে পরবর্তী ৯ দিন অর্থাত্ ২৩ জুলাই ভোর ৬টা পর্যন্ত সব ধরনের অভ্যন্তরীণ ফ্লাইট চলবে এবং ঐ দিন ভোর ৬টা থেকে ৫ আগস্ট পর্যন্ত পুনরায় বন্ধ করে দেওয়া হবে। বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স মেম্বার গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ শাখার উপ মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, গতকাল সকাল থেকেই বিমান অভ্যন্তরীণ গন্তব্যে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। ঢাকা থেকে সকাল সাড়ে ৭টায় সৈয়দপুর, সকাল ৮টায় চট্টগ্রাম ও যশোরে একটি করে ফ্লাইট ছেড়ে যায়। প্রতিদিন ঢাকা থেকে চট্টগ্রামে তিনটি, সৈয়দপুরে তিনটি, কক্সবাজার, যশোর ও সিলেটে দুটি, রাজশাহী ও বরিশালে একটি করে ফ্লাইট চলাচল করবে। বিমান বাংলাদেশ এয়ারলাইনস ছাড়াও দুটি বেসরকারি এয়ারলাইনসের ফ্লাইট চলাচল করেছে। ইউএস বাংলা এয়ারলাইনসের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ঢাকা থেকে চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুরে দুটি করে এবং কক্সবাজার, বরিশাল, রাজশাহীতে একটি করে ফ্লাইট ছেড়ে গেছে। চট্টগ্রাম, সিলেট, যশোর, সৈয়দপুর, কক্সবাজার, বরিশাল ও রাজশাহী থেকে একটি করে ফ্লাইট ঢাকায় এসেছে। দেশের বিভিন্ন অভ্যন্তরীণ গন্তব্যে ঢাকা থেকে ইউএস বাংলা এয়ারলাইনসের অন্তত ৩২টি ফ্লাইট পরিচালিত হবে বলেও জানান তিনি।
