জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সুস্থ ও স্বাভাবিক নয়, এমন এক শিশুর ঘোষণায় একটি রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে না। রাজনৈতিক দল গঠন করতে নীতিমালা রয়েছে। জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের বিশেষ চাহিদাসম্পন্ন ছেলে এরিক এরশাদের বুধবারের ঘোষণার বিষয়ে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জি এম কাদের একথা বলেন।
এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গতকাল রাজধানীর মোহাম্মদপুর জাকির হোসেন রোড মাঠে দুস্থদের মধ্যে মাসব্যাপী খাদ্যপণ্য বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জি এম কাদের আরো বলেন, জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সঙ্গে কথা না বলেই তাকে চেয়ারম্যান ঘোষণা, এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশ ও প্রচার করা কতটা যুক্তিযুক্ত হয়েছে তা বিবেচনা করা উচিত ছিল। নিউজ প্রকাশ-প্রচারের আগে গণমাধ্যমের উচিত ছিল রওশন এরশাদের সঙ্গে কথা বলা। অবশ্য একটি পত্রিকা (দৈনিক ইত্তেফাক) এই দায়িত্ববোধের পরিচয় দিয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাদের ইন্ধনে এমন বিভ্রান্তি তা গণমাধ্যমের খতিয়ে দেখা উচিত। বুধবার সন্ধ্যায় রওশন এরশাদের সঙ্গে তার ফোনে কথা হয়েছে। তিনি স্পষ্ট জানিয়েছেন- চেয়ারম্যান হওয়ার কোনো ইচ্ছাই নেই তার। দক্ষতার সঙ্গে জাপাকে শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের প্রশংসাও করেছেন রওশন এরশাদ।
জাপার প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেন্টুর অর্থায়নে মাসব্যাপী এই খাদ্যপণ্য বিতরণ কর্মসূচি উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে জি এম কাদের বলেন, ৬ লাখ কোটি টাকার বিশাল বাজেট আমাদের। বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে দেশে। কিন্তু করোনায় কর্মহীন পরিবারগুলো মারাত্মক অর্থ সংকটে। মেগা প্রকল্প বাস্তবায়নের চেয়ে মানুষের জীবন বাঁচানো এখন জরুরি।
শফিকুল ইসলাম সেন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাপা চেয়ারম্যানের উপদেষ্টা আমানত হোসেন আমানত, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম পাঠান, সাংগঠনিক সম্পাদক মাখন সরকার, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মৃধা প্রমুখ।
