রাত পোহালেই সিরিজ শুরু। অথচ গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে আসার আগেও তামিম ইকবাল জানতেন না, আজ কাদের বিপক্ষে খেলবেন! জিম্বাবুয়ের দল নিয়ে পুরোই অন্ধকারে বাংলাদেশ। কারণ তখন পর্যন্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দলই ঘোষণা করেনি জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
যদিও বিকেলে সিরিজের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে জিম্বাবুয়ের প্রতিনিধি হিসেবে এসেছিলেন ব্রেন্ডন টেইলর। প্রতিপক্ষের স্কোয়াড নিয়ে এমন অদ্ভূতুড়ে অভিজ্ঞতা নিয়েই আজ স্বাগতিকদের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ দল। প্রতিপক্ষের লাইনআপ নিয়ে ধোঁয়াশা থাকলেও সিরিজ জয়ের লক্ষ্য থেকে কক্ষচ্যুত নয় সফরকারীরা।
সিরিজের প্রথম ওয়ানডেতে আজ জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হবে ম্যাচটি।
সফরের একমাত্র টেস্টে অনায়স জয় পেয়েছিল টাইগাররা। জয়ের ছন্দে ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। তবে পারিবারিক কারণে জরুরী ভিত্তিতে দেশে ফেরা মুশফিকুর রহিমকে, গোড়ালিতে ব্যথা অনুভব করা মুস্তাফিজুর রহমানকে ছাড়াই আজ খেলতে নামবে তামিম বাহিনী। সংবাদ সম্মেলনে অধিনায়ক আশাবাদ ব্যক্ত করেছেন যে, পরিস্থিতি যা-ই হোক জয়ে সিরিজ শুরু করতে বদ্ধ পরিকর বাংলাদেশ।
ওয়ানডেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে ৭৬তম লড়াই আজ। ২০১৪ সালের পর এ ফরম্যাটে জিম্বাবুয়ের কাছে হারেনি টাইগাররা। তাদের বিপক্ষে টানা ১৬ ম্যাচ জেতা বাংলাদেশ নিশ্চিতভাবেই এ সিরিজে ফেবারিট।
সবকটিই ওডিআই সুপার লিগের ম্যাচ, তাই পয়েন্ট হারাতে চায় না টাইগাররা। গতকাল তামিম বলেছেন, ‘আমি তো চাইবো প্রত্যেক ম্যাচই জিততে। আশাবাদী সিরিজ জিতবো। কালকের (আজ) প্রথম ম্যাচই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
উল্লেখ্য, হারারেতে আগামী ১৮ ও ২০ জুলাই সিরিজের দ্বিতীয়, তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।
