শ্রমিকদের ক্ষতিপূরণে ‘জাতীয় মানদণ্ড আইন’ প্রণয়নের দাবি বিএনপির

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০০:৪৫

দুর্ঘটনায় নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ নির্ধারণে ‘জাতীয় মানদণ্ড আইন’ প্রণয়নের দাবি জানিয়েছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, একটা ঘটনা ঘটবে, আমরা কয়েক দিন হইচই করব তারপর সবাই আবার চুপ করে যাব।  একটা জাতীয় মানদণ্ড আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়া দরকার যে এই ধরনের দুর্ঘটনায় শ্রমিকরা কী ক্ষতিপূরণ পাবে, আহতরা কী ক্ষতিপূরণ পাবে, নিহতরা কী ক্ষতিপূরণ পাবে, মালিকের বিরুদ্ধে কী ব্যবস্থা হবে এবং যারা এর পরিদর্শনের দায়িত্বে তাদের কোনো অবহেলা থাকলে তার বিরুদ্ধে কী ব্যবস্থা হবে—সব কিছু ঐ মানদণ্ডের মধ্যে থাকা দরকার। যাতে করে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। আন্তর্জাতিক শ্রম সংস্থা-আইএলও কনভেনশন ১২১, তার প্রাসঙ্গিক রিকমেন্ডেশন, ১৯৫৮ সালের মারাত্মক দুর্ঘটনা আইন এবং রানা প্লাজার (সাভার) দৃষ্টান্ত অনুযায়ী এই জাতীয় মানদণ্ড প্রণয়ন করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি।

গত মঙ্গলবার রূপগঞ্জে সজীব গ্রুপের কারখানাটি সরেজমিন পরিদর্শনের কথা উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আমরা মনে করি দীর্ঘদিন যাবত বেতনবিহীন কারখানা শ্রমিকদের প্রাপ্য অবিলম্বে পরিশোধ করা জরুরি। একই সঙ্গে সজীব গ্রুপের প্রত্যেকটি কারখানা যথাযথ পরিদর্শন করে স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা কর্মোপযোগী করে যত দ্রুত সম্ভব শ্রমিকদের কাজে ফেরার পরিবেশ নিশ্চিত করা দরকার।

নজরুল ইসলাম খান বলেন, জাতীয় ভবন নীতিমালা অনুযায়ী সজীব গ্রুপের কারখানা ভবনে কমপক্ষে চার থেকে পাঁচটি সিঁড়ি থাকা জরুরি ছিল। অথচ ছিল মাত্র দুটি। পুড়ে মারা যাওয়া ৪৯ জনের লাশই পাওয়া গেছে ভবনের চতুর্থ তলায়। সেখানে কর্মরতদের কাছে জানা যায় যে, চতুর্থ তলার গেট বন্ধ ছিল বলে কেউ বের হতে পারেনি। বিষয়টির উপযুক্ত তদন্ত আমরা দাবি করছি।