চাইনিজ নববর্ষ-২০১৯ উপলক্ষে গত ২৭ জানুয়ারি ‘চায়না রেডিও ইন্টারন্যাশনাল ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশন (সিআরআই-এসএমএফ) কনফুশিয়াস ক্লাসরুম’-এর উদ্যোগে চাইনিজ ক্যালিওগ্রাফি প্রতিযোগিতা ও বসন্ত উত্সব অনুষ্ঠিত হয়। চাইনিজ হাতের লেখার উপর অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সিআরআই-এসএমএফ কনফুশিয়াস ক্লাসরুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি কনফুশিয়াস ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। অনুষ্ঠানে বাংলাদেশের ঐতিহ্যবাহী শিতকালীন পিঠা উত্সবেরও আয়োজন করা হয়। ওইদিন বিকেলে রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ‘ক্যাম্পাস-এক’-এর সভাকক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজক ও সহ-আয়োজক ছিল যথাক্রমে সিআরআই-এসএমএফ কনফুশিয়াস ক্লাসরুম, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ ইউনিভার্সিটি কনফুশিয়াস ইনস্টিটিউট। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে চীনা দূতাবাসের রাষ্ট্রদূতের সহধর্মিণী মাদাম রাষ্ট্রদূত এইচ ই মাদাম ইয়াং ইয়ানচুন, দূতাবাসের কালচারাল কাউন্সেলর মাদাম সান ইয়ান, দূতাবাসের পলিটিক্যাল কাউন্সেলর মি. ছেন ওয়েই, দূতাবাসের কালচারাল সেকশনের অ্যাটাচি মি. ঝা, মি. ওয়েইসহ সিএসসিসি-এর চেয়ারম্যান মাদাম আনান্দী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ডা. আহসানুল কবীর, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী মো. মফিজুর রহমান সহ-ট্রেজারার প্রফেসর শামসুন নাহার, রেজিস্ট্রার স্থপতি হোসনেয়ারা রহমান, প্রক্টর ড. গোলাম মোস্তাফা, বোর্ড অব ট্রাস্টিজ প্রফেসর মোস্তাফিজুল হকসহ শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রী ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানের এক পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ। অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব বসন্ত উত্সব অনুষ্ঠিত হয় উত্তরা সোনারগাঁও জনপথে অবস্থিত ক্রিয়েটিভ দ্য আর্ট গ্যালারিতে। একই দিন সন্ধ্যায় অনুষ্ঠিত এই পর্বে উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. ইমামুল কবীর শান্তসহ প্রথমপর্বের অতিথিবৃন্দ।
