ঢাকার কেরানীগঞ্জের বাগৈর এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের দুই শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছে। এরা হলেন রাজু আহমেদ (২৮), দুই মেয়ে জান্নাত (৫) ও রোজা (৩), রাজুর বোন শারমিন আক্তার (২৪) এবং চাচাতো ভাই হাবিবুর রহমান হাবিব (১৯)। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে একটি টিনশেড বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ ঐ পাঁচ জনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে নিয়ে আসা হাবিবের বাবা মোতালেব জানান, রাতে রাজু খাবার গরম করতে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন ছড়িয়ে তারা দগ্ধ হয়। ইনস্টিটিউটের আবাসিক চিকিত্সক পার্থ শংকর পাল জানান, দগ্ধদের মধ্যে রাজু আহমেদের শরীরের ৩০ শতাংশ, জান্নাতের ২৬ শতাংশ, রোজার ৪৬ শতাংশ, শারমিন আক্তারের ১০ শতাংশ ও হাবিবুরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
