ঔপনিবেশিক রাষ্ট্রদ্রোহ আইনের কি দরকার আছে

আপডেট : ১৬ জুলাই ২০২১, ০০:৪৮

ভারতে যে রাষ্ট্রদ্রোহ আইন রয়েছে, তা একসময় দেশের স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্যবহার করা হতো। স্বাধীনতার ৭৫ বছর পরেও সেই আইনের প্রয়োজনীয়তা কতটা নিয়ে প্রশ্ন তুলেছে দেশটির সুপ্রিম কোর্ট। একাধিক আবেদনের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছে, যে আইন একসময়ে মহাত্মা গান্ধী, বালগঙ্গাধর তিলকের মতো স্বাধীনতা সংগ্রামীদের বিরুদ্ধে ব্যবহার করত ব্রিটিশরা, সেই আইনের স্বাধীনতার ৭৫ বছর পরেও কেন প্রয়োজন? এই আইনের অপপ্রয়োগ নিয়েও গতকাল বৃহস্পতিবার প্রশ্ন তোলে শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা ও বিচারপতি এএস বোপান্না এবং বিচারপতি হূষিকেশ রায় রাষ্ট্রদ্রোহ আইনের একাধিক আবেদনের শুনানি একই সঙ্গে করছিলেন। তারা প্রশ্ন তোলেন, আমরা জানি না সরকার কেন এখনও এই আইন নিয়ে কোনও সিদ্ধান্ত নিচ্ছে না। আইন প্রয়োগের বিষয়ে কাঠের মিস্ত্রির প্রসঙ্গ তুলে বিচারপতিরা বলেন, একজন কাঠের মিস্ত্রিকে করাত দিয়ে কাঠের টুকরো কাটতে বলায় তিনি গোটা জঙ্গল সাফ করে ফেলেছিলেন। এই ঘটনা অনেকটা তেমনই। আইনের যথেচ্ছ প্রয়োগ করা হচ্ছে। অপব্যবহার করা হচ্ছে। কিন্তু অ্যাটর্নি জেনারেল বেনুগোপাল আদালতে জানিয়েছেন, সরকার এই আইন জারি রাখার পক্ষে। তবে এর সঙ্গে কিছু নীতিনির্দেশিকা যোগ করা যেতে পারে। -আনন্দবাজার পত্রিকা ও ডয়চেভেলে