এই সময়ের ছড়া

গর্হিত কাজ

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৩২

ফাইল যদি আটকে থাকে ড্রয়ারে

লাভ হবে না ছন্দ তুলেও পয়ারে।

বরং তুমি মাল ছেড়ে দাও সামান্য

এই উপদেশ করবে যদি না-মান্য—

তবে তোমার দুর্গতি তো ঘুচবে না

কেউ তোমাকে একটুখানি পুছবে না।

 

 

হোক-না পেটে টিউমার বা আলসারও

রোগের কথা না বলে ভাই মাল ছাড়ো।

খুব গোপনে দু’হাত তোমার বাড়িয়ে

নগদ দিয়ে ফাইল নিয়ে যাও ছাড়িয়ে।

নইলে ভায়া রুদ্ধ এ ফাইল ছুটবে না

ভাগ্যে তোমার সাফল্যটাও জুটবে না।

 

 

এই অনিয়ম-নষ্ট নীতির রাজ্যটায়

ধান্দা নিয়ে আন্ধাগুলো কাজ জোটায়।

ওদের প্রতি দাও-না ঘৃণা উসকে আজ

রুখতে হবে গর্হিত কাজ ঘুষকে আজ।