পাহাড়পুর-কামারপাড়া সড়ক নির্দিষ্ট সময়ে সংস্কারকাজ শেষ না হওয়ায় জনদুর্ভোগ

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩০

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডির) আওতাধীন পাহাড়পুর-ভাওড়া-কামারপাড়া সড়কে সংস্কার এক বছরেও শেষ হয়নি। ভাঙা রাস্তায় তিন উপজেলাসহ আশপাশের অন্তত ৬০ গ্রামের মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে।

জানা গেছে, ২০২০ সালের জুন মাসে এই সড়কের সংস্কার কাজ শুরু হয়। ছয় মাসের মধ্যে কাজ সম্পন্নের কথা থাকলেও এখন পর্যন্ত তা শেষ হয়নি। বৃহস্পতিবার পাহাড়পুর-ভাওড়া-কামারপাড়া রাস্তায় গিয়ে দেখা গেছে কাজ বন্ধ থাকায় চলাচলের ক্ষেত্রে জনসাধারণের দুর্ভোগের চিত্র। ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন জানান, মির্জাপুর উপজেলার দক্ষিণাঞ্চলের পাহাড়পুর-ভাওড়া-কামারপাড়া আট কিলোমিটার রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রাস্তা দিয়ে মির্জাপুর, সাটুরিয়া ও ধামরাই এই তিন উপজেলাসহ আশপাশের ৫০-৬০ গ্রামের হাজার হাজার মানুষ যাতায়াত করে আসছে। রাস্তাটির দুই পাশ ও ওপরে মাটি ফেলা এবং প্রশস্তসহ পাকাকরণের জন্য এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল।

ভুক্তভোগীদের মধ্যে আল মামুন, রিপন ও ফরহাদসহ একাধিক ব্যক্তি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় প্রায় আট কিলোমিটার রাস্তায় ধুলাবালি ও কাদায় একাকার হয়ে চলাচলে তিন উপজেলাসহ আশপাশের ৬০ গ্রামের মানুষকে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

রাস্তার তদারকির কাজে নিয়োজিত মির্জাপুর উপজেলা এলজিইডি অফিসের উপসহকারী প্রকৌশলী মো. শামসুদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ঠিকাদার নানা অযুহাত দেখিয়ে রাস্তার কাজ বন্ধ রেখেছেন। রাস্তার কাজ দ্রুত সম্পন্ন করার জন্য ঠিকাদারকে চাপ দেওয়া হয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ না করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোহাম্মদ আরিফুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘মির্জাপুর উপজেলার পাহাড়পুর-ভাওড়া-কামারপাড়া রাস্তার কাজ যাতে দ্রুত সময়ে শেষ হয় তার জন্য ঠিকাদারকে চাপ দেওয়া হয়েছে। কাজ শুরু না করলে তার ওয়ার্ক অর্ডার বাতিলসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’