মদনে ঈদ মার্কেটে ভিড় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৬

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

নেত্রকোনার মদনে জমে উঠেছে ঈদের কেনাকাটা। ঈদ যতই ঘনিয়ে আসছে পৌরসভার মার্কেটগুলোসহ উপজেলার ৮ ইউনিয়নের  হাট-বাজারের কেনাকাটা বেড়েছে। তবে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। শুক্রবার দুপুরে সরেজমিনে উপজেলা সদরের মার্কেটে ক্রেতাদের প্রচণ্ড ভিড় লক্ষ করা যায়। ছিল না কোনো সামাজিক দূরত্ব। অধিকাংশ ক্রেতা-বিক্রেতার মুখে ছিল না মাস্ক। এবিষয়ে ক্রেতারা জানায়, প্রতিটি দোকানে ভিড়। ফলে চাইলেও স্বাস্থ্যবিধি বা সামাজিক দূরত্ব মানা সম্ভব হচ্ছে না। মহিউদ্দিন মার্কেটর বণিক সমিতির সভাপতি আল আমীন বললেন, সব দোকানেই ভালো কেনাবেচা শুরু হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনেই কেনাবেচা করছেন। আমরা বণিক সমিতির পক্ষ থেকে মাস্ক বিতরণ করছি। তবে দোকান মালিক সমিতির সভাপতি জেলা পরিষদ সদস্য এ কে এম সাইফুল ইসলাম হান্নান বলেন, আমরা যতটুকু সম্ভব স্বাস্থবিধি মেনে চলছি। তবে ক্রেতাদের দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে অনুরোধ করলেও তারা শুনছেন না।