বশেমুরবিপ্রবি সংবাদদাতা
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস। আগামীকাল রবিবার ক্যাম্পাস থেকে পাঁচটি রুটের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বাসে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। রুটগুলো হলো—ক্যাম্পাস থেকে রংপুর, রাজশাহী, ঢাকা-গাজীপুর হয়ে ময়মনসিংহ, বরিশাল-পটুয়াখালী এবং খুলনা-সাতক্ষীরা। তবে কুমিল্লা-চট্টগ্রাম এবং সিলেটের শিক্ষার্থীদের বাড়ি ফেরার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তাপস বালা এ তথ্য জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের বাসে করে বাড়ি ফিরতে সবার করোনা পরীক্ষা করা হয়েছে। যারা করোনা নেগেটিভ হয়েছেন শুধু তারা আবেদনের মাধ্যমে বাসে যেতে পারবেন। বাড়ি যেতে ইচ্ছুক ৪৮৫ জনের নমুনার মধ্যে এক জন শিক্ষকসহ ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। তাদের সেল্ফ আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
