সাদুল্লাপুরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৬

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সুপারি গাছ কাটা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই ফজল মিয়ার (৪৫) মারধরে বড় ভাই দুদু মিয়া (৫০) নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার দামোদরপুর ইউনিয়নের জামুডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুদু মিয়া ঐ গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে। এ ঘটনায় রাতে থানায় মামলা হলে পুলিশ ফজল মিয়াকে গ্রেফতার করে। পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এর জের ধরে বৃহস্পতিবার বিকালে একটি সুপারি গাছ কাটাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। এসময় ফজল ও তার স্ত্রী মনোয়ারা বেগম দুদু মিয়াকে মারধর করলে ঘটনাস্থলেই সে মারা যান।  সাদুল্লাপুর থানার ওসি মাসুদ রানা জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শুক্রবার গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতেই নিহতের স্ত্রী রাহেলা বেগম বাদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।