বন্ধকৃত জুট মিল চালুর দাবিতে সিরাজগঞ্জে শ্রমিক সভা

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৭

সিরাজগঞ্জ প্রতিনিধি

বন্ধকৃত সব জুট মিল চালু ও বকেয়া পাওনা আদায়ে জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার শ্রমিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে সিরাজগঞ্জের রায়পুর জাতীয় জুট মিলের সামনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় জুট মিল শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার আহবায়ক মো. শহিদুল ইসলামে সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন—ট্রেড ইউনিয়ন সিরাজগঞ্জ অঞ্চলের সভাপতি মো. বরকত উল্লাহ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ইসমাঈল হোসেন, জেলা বাসদের আহবায়ক নব কুমার কর্মকার,জাতীয় জুট মিল শ্রমিক সরদার মো. মনির হোসেন প্রমুখ।

এ সময়  বক্তারা বলেন, জাতীয় জুট মিল বন্ধ থাকার কারণে মিলে কর্মরত শ্রমিকেরা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছেন। ফলে মজুরি কমিশনের এরিয়াসহ শ্রমিকদের সব পাওনা পরিশোধ করে সরকারের উদ্যোগে জাতীয় জুট মিলসহ বন্ধকৃত সব জুটমিল আধুনিকায়ন করে দ্রুত চালু করার দাবি জানায়।