চেয়ারম্যান-মেম্বারদের শপথগ্রহণ
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা রামগতিতে প্রথম ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত তিন চেয়ারম্যান, ২৭ জন সাধারণ সদস্য এবং ৯ জন সংরক্ষিত মহিলা সদস্য শপথগ্রহণ করেছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাধারণ সদস্য এবং সংরক্ষিত মহিলা সদস্যদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল মোমিন। এর আগে একই দিন জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তিন চেয়ারম্যানকে শপথবাক্য পাঠ করান জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
বিধবা ও বিপদগ্রস্ত নারীদের অর্থ সহায়তা প্রদান
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা দেবিদ্বারে বিধবা ও বিপদগ্রস্ত নারীদের মধ্যে শুক্রবার খাদ্য এবং নগদ টাকা প্রদান করা হয়েছে। নিউইয়র্কের শেখ রাসেল ফাউন্ডেশনের সভাপতি ডা. ফেরদৌস খন্দকারের আর্থিক সহযোগিতায় দেবিদ্বার উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮২ জন বিধবা ও বিপদগ্রস্তদের এ সহায়তা দেওয়া হয়েছে। উপজেলার রেয়াজ উদ্দিন বিদ্যালয় মাঠে এসব বিতরণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান।
বিট পুলিশের সচেতনতামূলক প্রচারণা
নরসিংদী প্রতিনিধি নরসিংদীতে মডেল বিট পুলিশের কার্যক্রম উদ্বোধন, আইনশৃঙ্খলা রক্ষা ও করোনা প্রতিরোধে সচেতনতামূলক প্রচারণা চালিয়েছে জেলা পুলিশ। শুক্রবার সকালে শহরের নাগরিয়াকান্দি ইউএমসি জুটমিল এলাকায় ৩ নম্বর বিট পুলিশের উদ্যোগে এ প্রচারণা চালানো হয়। নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম (পিপিএম) এ প্রচার কাজের উদ্বোধন করেন।
শ্রমিকদের মধ্যে টি-শার্ট ও মাস্ক বিতরণ
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহের ফুলকোচা ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম শ্রমিকদের মধ্যে শুক্রবার টি-শার্ট এবং মাস্ক বিতরণ করেছেন। হাজরাবাড়ি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে এসব বিতরণকালে উপস্থিত ছিলেন মেলান্দহ রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সংবাদদাতা শাহ্ জামাল, শ্রমিক নেতা চুন্নু মিয়া প্রমুখ।
সুরক্ষাসামগ্রী বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি সুনামগঞ্জে শুক্রবার এফবিসিসিআইর ২৫ হাজার সুরক্ষাসামগ্রী মাস্ক বিতরণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের কার্যালয়ের সামনে এসব সুরক্ষাসামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
স্বাস্থ্য সুরক্ষা ও চিকিত্সা সামগ্রী প্রদান
স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরে ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) বৃহস্পতিবার স্বাস্থ্য সুরক্ষা ও চিকিত্সা সামগ্রী বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছে। এর উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। নিম্ন আয়ের মানুষের মধ্যে বিতরণের লক্ষ্যে ২৫ হাজার পিস মাস্ক রংপুরের জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়। এ সময় এফবিসিসিআই এর সভাপতি মো. জসিম উদ্দিন ভার্চুয়ালি রংপুরের জেলা প্রশাসক মো. আসিব আহসান ও রংপুর চেম্বারের সভাপতি মোস্তফা সোহরাব চৌধুরী টিটুর কাছ থেকে রংপুরের করোনা পরিস্থিতির খোঁজ-খবর নেন।
২ হাজার দরিদ্র পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়ার কুশলা ইউনিয়নের দুই হাজার দরিদ্র পরিবার পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার। শুক্রবার কুশলা ইউনিয়ন পরিষদ চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদ উপলক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় প্রতিটি পবািরকে ১০ কেজি করে চাল উপহার দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফেরদৌস ওয়াহিদ এ চাল বিতরণ করেন।
করোনা রোগীদের জন্য অক্সিজেন সেবা চালু
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতা ভাঙ্গুড়া পৌরসভার করোনা রোগীদের জন্য শুক্রবার বিনা মূল্যে অক্সিজেন সেবা চালু করা হয়েছে। এর আগে পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল বৃহস্পতিবার পৌর মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন। তিনি বলেন, শ্বাসকষ্টজনিত কোনো রোগী চাওয়ামাত্র তাকে পৌঁছে দেওয়া হবে একটি অক্সিজেন সিলিন্ডার। এজন্য অক্সিজেন ভর্তি ৩০টি সিলিন্ডার কেনা হয়েছে। এর মধ্যে শুক্রবার দুই জন করোনা রোগীকে দুটি সিলিন্ডার সরবরাহ করা হয়ছে।
ভিজিএফের চাল বিতরণ
জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা জীবননগর পৌরসভায় ৩ হাজার ৮১ জন দরিদ্র মানুষের মধ্যে শুক্রবার ঈদুল আজহার বিশেষ ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। পৌরসভায় এ চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন পৌর মেয়র রফিকুল ইসলাম। এ সময় পৌর সচিব জায়েদ হোসেন, কাউন্সিলর আবুল কাশেম, কাউন্সিলর খোকন মিয়া ও জামাল হোসেন খোকন উপস্থিত ছিলেন।
