ফকির আলমগীরের জন্য প্রার্থনা

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৩৯

 বিনোদন প্রতিবেদক

 

‘ওনাকে জরুরি ভিত্তিতে প্লাজমা দেওয়া হচ্ছে। ডাক্তার বলেছেন ভিডিও কলে তাকে দেখাবেন। কখন তাকে দেখবো, আর ধৈর্য্য ধরতে পারছি না। প্রথমে অনেক খুঁজেও প্লাজমা পাওয়া যাচ্ছিল না। চোখে অন্ধকার নেমে এসেছিল। তবে খবরটি শুনে অনেকেই প্লাজমা দিতে এসেছেন। তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের ভাষা নেই। সবাই ওনার জন্য দোয়া করবেন।—বরেণ্য গণসংগীতশিল্পী ফকির আলমগীরের শারীরিক অবস্থা সম্পর্কে গতকাল সন্ধ্যায় কান্নাজড়িত কণ্ঠে এভাবেই বললেন তার স্ত্রী সুরাইয়া আলমগীর।

উল্লেখ্য, করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে কোভিড ইউনিটের আইসিইউতে ভর্তি রয়েছেন গণসংগীতশিল্পী ও মুক্তিযোদ্ধা ফকির আলমগীর। তার ফুসফুসে মারাত্মকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ায় তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার বিকেল থেকে ফকির আলমগীরের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এরপর দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শুরুতে বেশ কয়েকটি হাসপাতাল ঘুরে সিট পাওয়া যাচ্ছিল না বলে জানান ফকির আলমগীরের স্ত্রী সুরাইয়া আলমগীর।

তিনি বলেন, ‘বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই তার শারীরিক অবস্থা খুব খারাপ হতে থাকে। তীব্র শ্বাসকষ্ট দেখা দেয়। এরপর আমরা দেরি না করে তাকে হাসপাতালে ভর্তির চেষ্টা করি। কিন্তু বিভিন্ন হাসপাতাল ঘুরে সিট পাচ্ছিলাম না। অবশেষে রাত ১২টার দিকে সৌভাগ্যক্রমে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে সিট পাই।’

জানা গেছে, গত ১৪ জুলাই ফকির আলমগীরের করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। এরপর চিকিত্সকের পরামর্শে বাসায় থেকেই চিকিত্সা নিচ্ছিলেন তিনি।

উল্লেখ্য, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের অন্যতম শিল্পী ফকির আলমগীর দীর্ঘ ক্যারিয়ারে শ্রমজীবী মানুষের জন্য গণসংগীত গেয়ে যাচ্ছেন। সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৯ তিনি একুশে পদক অর্জন করেন।