বিনোদন প্রতিবেদক
বিগত কয়েক ঈদের মতো আসন্ন কোরবানির ঈদও নতুন সিনেমা মুক্তি ছাড়া কাটাতে যাচ্ছেন সিনেপ্রেমী থেকে শুরু করে চলচ্চিত্র সংশ্লিষ্টরা। দেশে চলমান লকডাউন ঈদকে সামনে রেখে শিথিল করা হলেও স্বল্প সময়ে ঝুঁকি নিতে চাইছেন না পরিচালক-প্রযোজকরা। তবে এরইমাঝে নতুন খবর হলো, চিত্রনায়ক নিরব অভিনীত ‘কশাই’ ছবিটি গতকাল রাজধানীর স্টার সিনেপ্লেক্সে মুক্তি দেওয়া হয়েছে। যদিও সিনেমাটি এর আগে ওটিটি প্লাটফর্মে মুক্তি দিয়েছিলেন নির্মাতা অনন্য মামুন। ঈদে নতুন সিনেমা মুক্তি না পাওয়া এবং নিজের ছবি নিয়ে নিবর বলেন, ‘দেখুন, শুধু আমাদের দেশে না, সারাবিশ্বের চলচ্চিত্রের অবস্থা একই। হল বন্ধ থাকলে সিনেমা মুক্তি হবে কীভাবে! প্রযোজকরা বড় অঙ্কের টাকা লগ্নি করে ফেরত না পেলে চলচ্চিত্র থেকে মুখ ফিরিয়ে নেবে। এতে সংকট আরো বাড়বে। তাই হয়তো এই কম সময়ে কেউ ঝুঁকি নিতে চাইছেন না। আর আমার চলচ্চিত্রটি ওটিটিতে মুক্তির পর আবার হলে মুক্তি পেল। পাশাপাশি ঈদের সময় টিভি প্রিমিয়ারও হবে ছবিটির। আমি মনে করি বিভিন্ন মাধ্যমে একটি ছবি মুক্তি দিলে সেটা বেশিসংখ্যক দর্শকের কাছে পৌঁছায়। পাশাপাশি পরিচালক-প্রযোজকরাও লাভের মুখ দেখতে পারেন।’ সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি ছবিতে ভিন্ন ভিন্নরূপে নিজেকে মেলে ধরছেন নিরব। প্রতিটি চরিত্রেই নিজেকে ভাঙার চেষ্টা করছেন। ‘কশাই’ ছবিটিতেও ভিন্ন এক নিরবের দেখা মিলেছে। এ প্রসঙ্গে নিরব বলেন, ‘আমি বরাবরই নিজেকে নানাভাবে উপস্থাপনের চেষ্টা করি। এই ছবিটির গল্প সাধারণ হলেও অসাধারণভাবে প্রতিটি চরিত্র নির্মাতা তুলে ধরেছেন। ছবিটি দেখার পর অন্যরকম অনুভূতি কাজ করবে এ কথা বলতে পারি।’
এদিকে ওটিটি মাধ্যমে নতুন ছবি মুক্তির চর্চাও এরইমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি দীর্ঘদিন হলে নতুন ছবি মুক্তি না পেলে দর্শক সংকট আরো বাড়বে কি-না—এমন প্রশ্নে নিরব বলেন, ‘করোনার এই সময়ে মানুষের আর্থিক অবস্থা খারাপের দিকে যাচ্ছে। হল খুললেই যে দর্শকরা সহসা হলমুখী হবেন এ কথা বলা যাবে না। কারণ আগে তো নিজে বাঁচতে হবে। অভাবে থাকলে বিনোদনের পেছনে অর্থ কীভাবে ব্যয় করবে। তবে চলচ্চিত্র তার অবস্থানে ঠিকই আছে। পরিস্থিতি অনূকূলে এলে ধীরে ধীরে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে। আর ওটিটিতে ছবি দেওয়ার ফলে দর্শকরা সিনেমার সঙ্গে যুক্ত থাকতে পারছে। এটা ভালো দিক।’
