ডেলটা ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যু ফিলিপাইনে

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৪৩

আলজাজিরা

ডেলটা ভ্যারিয়েন্টের সংক্রমণে প্রথম মৃত্যু দেখল ফিলিপাইন। শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় লোকজনের মধ্যে ডেলটা ভ্যারিয়েন্টের কারণে দ্রুতগতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। একই সঙ্গে এই ভ্যারিয়েন্টে প্রথম মৃত্যুর খবরও নিশ্চিত করা হয়েছে।

সংক্রমণ বাড়তে থাকায় ফিলিপাইনে ভ্যাকসিন কার্যক্রমের ওপর জোর দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার দেশটিতে প্রায় ৪ লাখ মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। নতুন সংক্রমণের মধ্যে ১৬ জনের দেহে ডেলটা ভ্যারিয়েন্টের উপস্থিতি পাওয়া গেছে। এদের মধ্যে এক জনকে রাজধানী ম্যানিলার একটি হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। গত ২৮ জুন তার মৃত্যু হলেও তিনি যে ডেলটা ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন সে বিষয়টি সম্প্রতি নিশ্চিত হওয়া গেছে। এছাড়া করোনায় আক্রান্ত ফিলিপাইনের পাঁচ নাগরিক সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত, কাতার এবং যুক্তরাজ্য থেকে দেশে ফিরে এসেছেন। স্থানীয়ভাবে আক্রান্ত ১১ জনের মধ্যে কমপক্ষে ছয় জন দক্ষিণাঞ্চলীয় মিনদানাও দ্বীপের, দুই জন মেট্রো ম্যানিলার, একজন কেন্দ্রীয় লুজনের এবং দুই জন কেন্দ্রীয় ভিসায়াস অঞ্চলের। সংক্রমণের গতি রোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ফিলিপাইন কর্তৃপক্ষ। করোনার ডেলটা ভ্যারিয়েন্ট সর্বপ্রথম ভারতে শনাক্ত হওয়ায় এটি করোনার ভারতীয় ধরন হিসেবেও পরিচিত। এখন পর্যন্ত করোনার সবচেয়ে সংক্রমিত ভ্যারিয়েন্ট এটি। শুধু এশিয়ায় নয় বরং এখন যুক্তরাজ্যেও এই ভ্যারিয়েন্টের কারণে দ্রুত গতিতে সংক্রমণ ছড়িয়ে পড়ছে। সংক্রমণ কমিয়ে আনার ক্ষেত্রে তাই এখন ভ্যাকসিনকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী, সোমবার প্রায় ৩ লাখ ৭৫ হাজার মানুষকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।