হতে পারে ম্যারাডোনা কাপ ফুটবল

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৫৭

স্পোর্টস রিপোর্টার

কোপা আমেরিকা এবং ইউরো দুটোই একসঙ্গে চলছিল। এই দুই টুর্নামেন্ট এবার গোটা ফুটবল দুনিয়ায় উত্তেজনার পারদ ছড়িয়েছে। কনমেবল আয়োজন করেছে কোপা আমেরিকা। আর ইউরোর আয়োজন করে উয়েফা। এই সংস্থা ফুটবলের দুটি মহাদেশে নতুন কিছু করার কথা ভাবছে। ইউরো কাপ জয়ী ইতালি এবং কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মধ্যে কোনো বিশেষ ম্যাচ হবে কি না এটা নিয়ে আন্তর্জাতিক ফুটবল মহলে গুঞ্জন বাড়ছে। তবে কারা এই খেলার আয়োজন করবে তা নিয়ে বিস্তারিত কিছু এখনো জানা যায়নি।

উয়েফা ও কনমেবল—এই দুই সংস্থা যৌথভাবে আয়োজন করতে পারে। এদের সঙ্গে ফিফার সহযোগিতাও থাকবে। তবে সবই এখনো আলোচনার মধ্যে, কর্মকর্তাদের চায়ের টেবিলে। ইউরো কিংবা কনমেবল কোথাও থেকে আনুষ্ঠানিক আলোচনার কথা শোনা যাচ্ছে না। তার পরও একবার যখন কথা উঠেছে ধরেই নেওয়া যায়, একটা কিছু হতে যাচ্ছে। কারণ এই দুই মহাদেশ একসময় কনফেডারেশন কাপ ফুটবলের আয়োজন করে আসছিল, সেটি এখন বন্ধ রয়েছে। তাই নতুন একটি টুর্নামেন্ট হতেও পারে—এমন সম্ভাবনা উঁকি দিচ্ছে।  আর্জেন্টিনার একাধিক সংবাদমাধ্যম অবশ্য দাবি করেছে যে এই ম্যাচ হচ্ছে। তবে কবে এবং কোথায়, সে ব্যাপারে তারাও নিশ্চিত নয়। ইতালির কিছু সংবাদমাধ্যমও এ ধরনের খবর প্রকাশ করেছে। এমনও শোনা যাচ্ছে, ম্যারাডোনার স্মরণে এই টুর্নামেন্ট হতে পারে। প্রয়াত ম্যারাডোনার নামে টুর্নামেন্ট হোক না হোক, তবে দুই মহাদেশের মধ্যে টুর্নামেন্ট আয়োজনের জল্পনা একেবারে উড়িয়েও দেওয়া যায় না।