মাশরাফিকে টপকে শীর্ষে সাকিব
ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি এখন সাকিব আল হাসান। গতকাল জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলরকে আউট করে চূড়ায় উঠেন তিনি। সাকিবের ২৭০তম শিকার ছিলেন টেইলর। তাতেই অগ্রজ মাশরাফিকে টপকে গেছেন এ বাঁহাতি স্পিনার। ২৬৯ উইকেট নিয়ে মাশরাফি থাকছেন দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে আব্দুর রাজ্জাক (২০৭)। বাকি দুই ফরম্যাটেও (টেস্ট, টি-২০) দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট সাকিবের দখলে। গতকাল ৩০ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডেতে তৃতীয় বার ৫ উইকেট পেলেন তিনি।
শূন্যের সেরা তামিম
মাশরাফি বিন মুর্তজার কাছ থেকেই ওয়ানডে দলের অধিনায়কত্ব পেয়েছিলেন তামিম ইকবাল। গতকাল আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের হয়ে ব্যাটিংয়ের এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে অগ্রজকে ভারমুক্ত করে দিলেন এ বাঁহাতি ওপেনার। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জার্সিতে সবচেয়ে বেশি শূন্য রানে আউট হওয়ার রেকর্ডটা নিজের করে নিলেন তামিম। গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে ৭ বল খেলে শূন্য রানে মুজারাবানির শিকার হয়েছিলেন তিনি। তাতেই রেকর্ডের চূড়ায় তামিম।
সর্বোচ্চ ৩৪ বার ডাক মেরেছেন তিনি। দ্বিতীয় স্থানে থাকা মাশরাফি শূন্য রানে আউট হয়েছেন ৩৩ বার। তারপরই আছেন ৩৩ বার রানের খাতা খুলতে ব্যর্থ হওয়া মোহাম্মদ আশরাফুল। বর্তমান দলের মুশফিক ২৬, রুবেল ২২, মাহমুদউল্লাহ ২১, সাকিব ২০ ইনিংসে শূন্য রানে ফিরেছেন। ওয়ানডেতে তামিমের এটি ১৯তম শূন্য। ১৮ ইনিংসে শূন্য রানে আউট হয়ে হাবিবুল বাশার আছেন দ্বিতীয় স্থানে।
টেইলরের ২০০
জিম্বাবুয়ের পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০ ম্যাচ খেলার গৌরব অর্জন করলেন ব্রেন্ডন টেইলর। গতকাল বাংলাদেশের বিপক্ষে ম্যাচটিই ছিল তার ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ২২১ ওয়ানডে খেলেছেন গ্র্যান্ট ফ্লাওয়ার। ২১৩ ম্যাচ খেলে দ্বিতীয় স্থানে তারই সহোদর অ্যান্ডি ফ্লাওয়ার। এলটন চিগুম্বুরা ২১০, হ্যামিল্টন মাসাকাদজা ২০৯টি ওয়ানডে খেলেছেন।
নাঈম শেখ কি প্রসেসের শিকার?
লিটন দাসের ব্যর্থতায় শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজের শেষ ম্যাচে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হয়েছিল নাঈম শেখকে। যদিও ২ বলে ১ রান করে আউট হয়েছিলেন এ তরুণ ওপেনার। ম্যাচের পর অধিনায়ক তামিম ইকবাল বলেছেন, নাঈম আরো সুযোগ পাবেন। এটাই দলের প্রসেস।
কিন্তু গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের একাদশেই ঠাঁই হয়নি নাঈমের। এক ম্যাচ দেখেই বাদ দেওয়া হলো এ বাঁহাতি ওপেনারকে। তবে কি তামিমের কথিত প্রসেসের শিকারই হলেন নাঈম?
