বরিশালের করোনা পরিস্থিতি মনিটরিং করবে টাস্কফোর্স কমিটি

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২১:৫৯

বরিশাল অফিস: করোনা রোগীদের জন্য হাসপাতালে শয্যা সংখ্যার সমন্বয় এবং চাহিদা মোতাবেক অক্সিজেন সাপ্লাই চেইন অব্যাহত রাখা এবং সার্বিক করোনা পরিস্থিতি মনিটরিং করার জন্য বরিশালে বিভাগে টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। স্বাস্থ্য সেবার পরিকল্পনা বিভাগের যুগ্ম-সচিব মো. অলিউল্লাহকে টাস্কফোর্সের আহ্বায়ক করা হয়েছে। এছাড়াও বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে সদস্য সচিব এবং বরিশাল গণপূর্ত বিভাগ ও স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলীকে কমিটির সদস্য করা হয়েছে।

গতকাল শুক্রবার বিকালে টাস্কফোর্সের সদস্য সচিব বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, ইতিমধ্যে এ কমিটির কাজ শুরু হয়েছে। প্রতি মুহূর্তে আমরা বিভাগের করোনার সার্বিক পরিস্থিতি মনিটরিং করছি এবং যে কোনো সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।