আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
করোনা প্রতিরোধে মসজিদে মসজিদে প্রচারণা চালাচ্ছে আড়াইহাজার থানা পুলিশ। তারা বিভিন্ন মসজিদে মুসল্লিদের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন। পুলিশের পক্ষে মসজিদভিত্তিক প্রচারণার অংশ হিসেবে গতকাল জুমার নামাজের সময় আড়াইহাজার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে প্রচারণাকালে মুসল্লিদের উদ্দেশে ওসি মো. আনিচুর রহমান মোল্লা বলেন, ‘করোনার সংক্রমণ ও করোনা ভাইরাসে মৃত্যু গ্রামেগঞ্জেও ছড়িয়ে পড়েছে বিধায় জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। বারবার সাবান দিয়ে হাত ধোবেন। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক পরবেন। সামাজিক দূরত্ব মেনে চলবেন। সেটা মসজিদেও মানবেন। অযথা হাটবাজারে আড্ডা দিতে যাবেন না।’ এ ছাড়া হাটবাজারে ভিড় এড়িয়ে চলা এবং আসন্ন ঈদে কোলাকুলি না করার পরামর্শ দেন তিনি। বিধিনিষেধ মেনে না চললে গ্রেফতার ও জরিমানার বিষয়টি তিনি স্মরণ করিয়ে দেন। একই দিন উপজেলার ১৫টি মসজিদে প্রচারণা চালায় পুলিশ।
