আইজিপির শোক
বিশেষ প্রতিনিধি
করোনায় আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিত্-সাধীন অবস্থায় মারা গেছেন অতিরিক্ত পুলিশ সুপার আহসান হাবীব।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। তিনি বলেছেন, আহসান হাবীব একজন প্রতিশ্রুতিশীল, প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশ একজন সম্ভাবনাময় কর্মকর্তাকে হারাল। গতকাল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক শোকবার্তায় এ সব কথা উল্লেখ করা হয়।
আইজিপি মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জানা গেছে, আহসান হাবীব অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে রাঙ্গামাটি আর্মড পুলিশ ব্যাটালিয়নে এপিবিএন এ কর্মরত ছিলেন। গত মাসের শেষের দিকে তিনি সস্ত্রীক করোনায় আক্রান্ত হন। গত ৬ জুলাই তাকে পুলিশ হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। আহসান হাবীব সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে ৩৩তম বিসিএসে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার বসন্তপুর গ্রামে জন্মগ্রহণ করেন। সেখানেই পারিবারিক কবরস্থানে গতকাল দুপুরে তাকে দাফন করা হয়।
