পুলিশ পরিচয়ে অপহরণের পর মুক্তিপণ আদায়

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২২:১৬

থানা মামলা নেয়নি চার দিনেও

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জের তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকার দরিদ্র মেধাবী ছাত্র ও ইজিবাইক চালক মমিন মিয়াকে অপহরণের পর মুক্তিপণ আদায়ের চার দিন পরেও গতকাল শুক্রবার বিকাল পর্যন্ত মামলা রুজু করেনি পুলিশ। এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে মমিন মিয়া ও তার পরিবারের সদস্যরা। সন্ত্রাসীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়েছে। এ ব্যাপারে পুলিশ নীরব ভূমিকায় রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গন্ধর্বপুর গ্রামের গরিব কাঠুরিয়ার সন্তান মমিন মিয়া। গত ১৩ জুলাই ভুলতা এলাকা থেকে ইজিবাইকে বাড়ি ফেরার পথে ১০-১২ সদস্যের একদল সন্ত্রাসী তার গতিরোধ করে। পুলিশ পরিচয়ে তাকে অপহরণ করে নিয়ে যায় নির্জন স্থানে। সেখানে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ দাবি করে পরিবারের সদস্যদের কাছে মোবাইলে ফোন করে। মমিন মিয়া ইজিবাইকে একটি শিশু বাচ্চাকে চাপা দিয়েছে মর্মে তার চিকিত্সার জন্য পরিবারের সদস্যদের কাছে ৩০ হাজার টাকা পাঠাতে বলে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা হামলা চালিয়ে মমিনের বাঁ হাত ও ডান পা ভেঙে দেয়। রাতে অপহরণকারীরা ইজিবাইক ও মমিন মিয়াকে শীতলক্ষ্যার বীরপ্রতীক গোলাম দস্তগীর গাজী সেতুর কাছে ফেলে যায়।