ভয় ছিল সকালের প্রথম ঘণ্টায় উইকেটের আচরণ নিয়ে। বরাবরের মতোই হারারের উইকেটের তখন ব্যাটসম্যানঘাতী। কন্ডিশনের ফায়দা লুটে টেস্টের মতোই গতকাল টসে হেরে ব্যাট করা বাংলাদেশকে কাঁপিয়েছিল জিম্বাবুয়ের বোলাররা। পরে ম্যাচের বয়স যত বেড়েছে, ততই বাংলাদেশের দাপট প্রতিষ্ঠিত হয়েছে। সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে উড়িয়ে দিয়েছে টাইগাররা। লিটন দাসের সেঞ্চুরি, সাকিব আল হাসানের ঘূর্ণি জাদুতে গতকাল জিম্বাবুয়েকে ১৫৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বিদেশের মাটিতে রানের ব্যবধানে এটিই বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল তামিম ইকবালের দল। ওডিআই সুপার লিগেও ১০ পয়েন্ট পেল টাইগাররা। আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
লিটনের চতুর্থ সেঞ্চুরিতে আগে ব্যাট করে ৯ উইকেটে ২৭৬ রানের বড় স্কোর গড়েছিল বাংলাদেশ। জবাবে বলার মতোই প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি স্বাগতিকরা। সাকিবের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ২৮.৫ ওভারে ১২১ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। ইনজুরির কারণে ব্যাটিং করেননি টিমিসেন মারুমা। লিটন ম্যাচ সেরা হন।
রান তাড়া করতে জিম্বাবুয়ে ৭৮ রানে ৪ উইকেট হারায়। বাংলাদেশের তিন পেসারের পর আঘাত হানেন সাকিব। দলটির অধিনায়ক ব্রেন্ডন টেইলর সাকিবের ২৭০তম শিকার হন। মাশরাফিকে (২৬৯) টপকে ওয়ানডেতে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনি। ১৬ রানে শেষ ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। ৯.৫ ওভারে ৩২ রানে ৫ উইকেট নেন এ বাঁহাতি স্পিনার। ওয়ানডেতে তৃতীয় বার ৫ উইকেট পেলেন তিনি। ম্যাচ শেষে এ ফরম্যাটে তার শিকার সংখ্যা ২৭৪। তাসকিন, শরীফুল, সাইফউদ্দিন ১টি করে উইকেট পান। জিম্বাবুয়ের পক্ষে টেইলর ২৪, মায়ার্স ১৮, চাকাভা ৫৪ রান করেন।
এর আগে ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে বসেছিল বাংলাদেশ। মুজারাবানির বলে ইনিংসের তৃতীয় ওভারে অধিনায়ক তামিমের (০) বিদায়ে শুরু। তিনে নেমে আবারও ব্যর্থ সাকিব। মিঠুন, মোসাদ্দেকও উইকেটে স্থায়ী হননি। ধুঁকতে থাকা বাংলাদেশকে টেনে তোলে লিটন দাস-মাহমুদউল্লাহর ৫ম উইকেটের ৯৩ রানের জুটি। মাহমুদউল্লাহ ফিরে গেলেও একপ্রান্ত আগলে থাকা লিটন ১১০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ ৮ ইনিংসে ১০১ রান করা লিটন গতকাল ৮টি চারে ১০২ রান করেন। শেষ দিকে আফিফ-মিরাজের ব্যাটে আড়াই শ পার হয় বাংলাদেশের স্কোর। সাকিব ১৯, মিঠুন ১৯, মাহমুদউল্লাহ ৩৩, আফিফ ৪৫, মিরাজ ২৬, সাইফউদ্দিন অপরাজিত ৮ রান করেন। জিম্বাবুয়ের পক্ষে লুক জঙ্গিয়ে ৩টি, মুজারাবানি-এনাগারাবা ২টি করে উইকেট পান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ :৫০ ওভারে ২৭৬/৯
জিম্বাবুয়ে :২৮.৫ ওভারে ১২১
ফল :বাংলাদেশ ১৫৫ রানে জয়ী
ম্যাচ সেরা :লিটন দাস
