গতকাল শুক্রবার নরসিংদীতে কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার ছয় যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো পাঁচ যাত্রী। একই দিন রংপুরে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক মুদি দোকানে ঢুকে পড়লে দোকানি ট্রাকচাপা পড়ে মারা যান। গৌরীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ভ্যানের এক যাত্রী নিহত হন। পাবনার সুজানগরে ভটভটির ধাক্কায় মারা যান এক মোটরসাইকেল আরোহী। এছাড়া গত বৃহস্পতিবার রাতে বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি অটোরিকশার ধাক্কায় অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন।
নরসিংদী প্রতিনিধি জানান, শুক্রবার দুপুরে নরসিংদীর পাঁচদোনার ভাটপাড়া চাকশাল এলাকায় কাভার্ডভ্যানের ধাক্কায় একটি লেগুনার নারী ও শিশুসহ ছয় যাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছে আরো পাঁচ যাত্রী। নিহতদের ছয় জনের মধ্যে চার জনের পরিচয় নিশ্চিত করেছে জেলা পুলিশ। তারা হলেন, গাজীপুরের কালীগঞ্জ এলাকার মোজাফফর মিয়ার ছেলে চান মিয়া (৫৫), নেত্রকোনা জেলার আমান মিয়া (২৩), সুনামগঞ্জ জেলার আল আমিন মিয়া (২৩) ও নরসিংদীর বেলাবো উপজেলার বটেশ্বর এলাকার হাফিজ উল্লাহ (৪৫)।
সারিয়াকান্দি (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার সারিয়াকান্দিতে সিএনজি অটোরিকশার ধাক্কায় অটোভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন হিন্দুকান্দি গ্রামের ইউনুছ আলীর ছেলে অটোভ্যানচালক সিয়াম মিয়া (১৫) এবং ভ্যানের যাত্রী একই গ্রামের আফতাবের ছেলে আব্দুল ওয়ারেছ (২২)। দুর্ঘটনায় আহত হয়েছেন ভ্যানের অপর যাত্রী আল আমিন (২০)।
স্টাফ রিপোর্টার, রংপুর জানান, গতকাল শুক্রবার সকালে রংপুর নগরীর তাজহাট আনছারীর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক সড়কের পাশের একটি মুদি দোকানে ঢুকে পড়লে ট্রাকের নিচে চাপা পড়ে শাহ আলম (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি দোকানের ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন। রংপুর মহানগর পুলিশের তাজহাট থানার ওসি মো. আক্তারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে রংপুর মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। নিহত শাহ্ আলম তাজহাট আদর্শপাড়ার মৃত হারুন মিয়ার ছেলে।
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, গতকাল সকালে ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মো. শরীফ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক কিশোরগঞ্জের কুলিয়ার চর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
সুজানগর (পাবনা) সংবাদদাতা জানান, পাবনার সুজানগরে ভটভটির ধাক্কায় বরাত আলী (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল দুপুরে উপজেলার নাজিরগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে ঐ দুর্ঘটনা ঘটে। নিহত বরাত আলী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার খালখোলা গ্রামের মৃত তোফাজ্জল হোসেনের ছেলে।
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা জানান, জগন্নাথপুর থানার পুলিশ কনস্টেবল জনি মিয়া (২৩) মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হওয়ার চার দিন পর শুক্রবার সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিক্যালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন।
