কান্দাহারে পুলিত্জার জয়ী সাংবাদিক নিহত

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২২:৪৩

আফগানিস্তানের কান্দাহারে তালেবান-আফগান বাহিনীর সংঘর্ষের মাঝে পড়ে নিহত হয়েছেন রয়টার্সের পুলিত্জার জয়ী চিত্র সাংবাদিক দানিশ সিদ্দিকি। গতকাল শুক্রবার আফগানিস্তানের স্পিন বোলডাক জেলায় তিনি মারা যান।

একজন আফগান কমান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, পাকিস্তান সীমান্তের কাছাকাছি এলাকায় আফগান নিরাপত্তা বাহিনী ও তালেবান যোদ্ধাদের মধ্যে একটি সংঘর্ষের সংবাদ সংগ্রহ করার সময় তিনি আহত হন। দানিশ নিজেই রয়টার্সকে জানান তিনি আহত হয়েছেন। পরে তিনি চিকিত্সা নেন এবং পুরোপুরি সুস্থ হয়ে ওঠার জন্য অপেক্ষা করছিলেন। সেসময় তালেবানরা স্পিন বোলডাক এলাকা থেকে পিছু হটে। পরে দানিশ বাজারের দোকানদারদের সঙ্গে কথা বলতে গেলে তালেবানরা আবারো আক্রমণ           করে। এরপর স্পিন বোলডাক এলাকার মূল বাজারের অংশটির দখল ফিরে পাওয়ার জন্য আফগান স্পেশাল ফোর্স আক্রমণ চালায়। আফগান কমান্ডারের ভাষায়, সংঘর্ষ চলাকালে একজন জ্যেষ্ঠ আফগান সেনা অফিসার ও দানিশ তালেবানদের ‘ক্রসফায়ারে’ প্রাণ হারান।

দানিশ এ সপ্তাহের প্রথম দিক থেকে কান্দাহারের দক্ষিণ অঞ্চলে আফগান স্পেশাল ফোর্সের সঙ্গে থেকে আফগান কমান্ডো ও তালেবান যোদ্ধাদের সংঘর্ষের সংবাদ পাঠাচ্ছিলেন।

ভারতীয় নাগরিক দানিশ সিদ্দিকি ২০১৮ সালে রয়টার্সের পুলিত্জার পুরষ্কার জয়ী চিত্রসাংবাদিক দলের সদস্য ছিলেন। দলটি রোহিঙ্গা শরণার্থী সংকটের ওপর প্রতিবেদন তৈরি করে পুরষ্কারটি জিতেছিল। দানিশ সিদ্দিকি ২০১০ সাল থেকে রয়টার্সের ফটোসাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন।