কাশিমপুর কারাগারে জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২২:৪৮

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এক জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টা এক মিনিটে ঐ জেএমবি সদস্যের ফাঁসি কার্যকর করা হয়। এই জেএমবি সদস্যের নাম আসাদুজ্জামান পনির ওরফে আসাদ (৩৭)। তিনি ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার শাখা কানাইকরস্থান এলাকার ফজলুল হক চৌধুরীর ছেলে।

কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের পর আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কারাগার সূত্রে জানা গেছে, ২০০৫ সালে ৮ ডিসেম্বর নেত্রকোনায় জেএমবির সক্রিয় সদস্য হিসেবে বোমা বিস্ফোরণে সহযোগিতা করে আসাদুজ্জামান পনির। ঐ বোমা হামলায় আট জন নিহত এবং অনেক লোক আহত হয়। এ ঘটনায় জেএমবি সদস্য পনির ওরফে আসাদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একাধিক মামলা হয়। এর মধ্যে নেত্রকোনা থানার মামলায় আদালত ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ডের আদেশ দেয়।