করোনার তৃতীয় ঢেউ ঠেকাতে নির্দেশনা দিলেন মোদি

আপডেট : ১৬ জুলাই ২০২১, ২২:৪৯

ভারতে করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এনডিটিভির খবরে এ কথা বলা হয়েছে। গতকাল শুক্রবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে ভারতের কোভিড টাস্কফোর্সের প্রধান ড. ভিকে পাল বলেন, করোনার আসন্ন তৃতীয় ঢেউ আটকাতে প্রধানমন্ত্রী মোদি ও তার সরকার উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নির্ধারণ করেছে। এজন্য চারটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে। এগুলো হলো পরীক্ষা করা, চিহ্নিত করা, চিকিত্সা দেওয়া এবং টিকা দেওয়া। তিনি বলেন, এ মুহূর্তে টিকা দেওয়ার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে।

এর আগে গতকাল সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছয় রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন।  সেখানেও তিনি টেস্ট ও ট্র্যাকের পাশাপাশি টিকা দেওয়ার ওপর জোর দেন। এছাড়া তিনি জোর দেন মাইক্রো কনটেনমেন্ট জোনের ক্ষেত্রে। তিনি বলেন, যেখানে বেশি সংক্রমণ হচ্ছে সেই জায়গাগুলোতে নজর দিতে হবে।

তিনি বলেন, করোনার তৃতীয় ঢেউ ঠেকানোই আমাদের অগ্রাধিকার। ভাইরাস নিজে আসে বা যায় না। আমরা যখন বিধিনিষেধ অগ্রাহ্য করি তখন এই ভাইরাস আমাদের সংস্পর্শে আসে। সংক্রমণ এড়াতে অবশ্যই করোনা বিধিনিষেধ মানতে হবে।