বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ভার্চুয়াল আলোচনাসভায় বক্তারা

‘আওয়ামী লীগ কর্মীনির্ভর দল বলেই শেখ হাসিনাকে মাইনাস করতে পারেনি’

আপডেট : ১৭ জুলাই ২০২১, ০০:১৭

আওয়ামী লীগ নেতানির্ভর দল নয়, কর্মীনির্ভর দল। নেতারা বিভ্রান্ত হলেও কর্মীরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেয়। সে কারণে ১/১১-এর সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে মাইনাস করতে পারেনি। তৃণমূলের কর্মীরাই সংগঠনের মূল চালিকাশক্তি। গতকাল শুক্রবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারা অন্তরীণ দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি রফিকুল আলমের সভাপতিত্বে ভার্চুয়াল আলোচনায় প্রধান অতিথি ছিলেন মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম এমপি। সংগঠনের সাংগঠনিক সম্পাদক সুজন হালদারের সঞ্চালনায় অংশ নেন পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, সাবেক মন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক তারিন জাহান, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য রফিকুল ইসলাম রনি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শ ম রেজাউল করিম বলেন, এখনো কিন্তু শেখ হাসিনা নিরাপদ না। মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার অনেক শক্তি কিন্তু চান শেখ হাসিনা না থাকলে ভালো হয়। অনেক অপশক্তিও এটাই চায়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে দেশে গণতান্ত্রিক অভিযাত্রার যে সূচনা হয়েছিল, আজ তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিকশিত হয়েছে।

পানি সম্পদ মন্ত্রী এনামুল হক শামীম বলেন, দেশের বিকাশমান গণতন্ত্রকে কফিনবন্দি করে দীর্ঘস্থায়ী সেনাশাসন প্রলম্বিত করার জন্যই আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার মিথ্যা ও সাজানো মামলায় গ্রেফতার করেছিল। বিএনপির একগুয়েমির কারণে দেশে ১/১১ সৃষ্টি হয়েছিল।

অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, ৭১-এর পরাজিত শক্তিরা দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের চেষ্টা করেছে। বঙ্গবন্ধুকে হত্যা করেছে। জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যা করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে। এরাই মূলত নেত্রীকে ১/১১ তে গ্রেফতারের জন্য ষড়যন্ত্র করেছিল।