আগামীকাল রবিবার বা সোমবার করোনা ভাইরাসের টিকা নিতে পারেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তিনি বাসায় থেকেই টিকা পাবেন নাকি নির্ধারিত কেন্দে গিয়ে টিকা নিতে হবে সেটি নির্ভর করছে সরকারের সিদ্ধান্তের ওপর। কারণ শর্ত সাপেক্ষে মুক্ত খালেদা জিয়ার বাড়ির বাইরে যাওয়া নির্ভর করছে সরকারের ইচ্ছা বা অনুমতি অনুযায়ী। গতকাল টিকা নেওয়ার এসএমএস পেয়েছেন তিনি।
খালেদা জিয়ার চিকিত্সকরা জানিয়েছেন, টিকার নিবন্ধনের কেন্দ নির্বাচন করা হয়েছে মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। গতকাল শুক্রবার খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিত্সক টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শিগিগরই খালেদা জিয়া টিকা নিতে পারবেন। টিকার বিষয়টি সরকার সংশ্লিষ্টদের জানানো হয়েছিল। টিকার তাপমাত্রার বিষয়টি মাথায় রেখেই কেন্দে গিয়ে নিতে আগ্রহী তিনি। ডা. জাহিদ বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তন রয়েছে। করোনায় আক্রান্ত হওয়ার পর ৫৪ দিন হাসপাতালে চিকিত্সা শেষে যে অবস্থায় বাসায় ফিরেছেন এখনও সেই অবস্থাতেই আছেন। গত ১৯ জুন রাতে হাসপাতাল থেকে যে শারীরিক অবস্থায় তাকে বাসায় আনা হয়েছে বর্তমানেও তিনি সে রকমই আছেন। অবস্থার কোনো উন্নতি হয়নি।
প্রসঙ্গত যে, করোনার টিকা নেয়ার জন্য ৭৬ বছর বয়সি বেগম খালেদা জিয়া গত ৯ জুলাই স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘সুরক্ষা’ ওয়েবসাইটে নিবন্ধন করেন। কেন্দ হিসেবে মহাখালীর ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল পছন্দ করেন তিনি।
