‘সাহসিকা’ তানজিন তিশা

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২১:১৪

 বিনোদন রিপোর্ট

প্রতি ঈদের মতো এবারের ঈদেও বেশ কয়েকটি নাটক, টেলিফিল্মে দেখা যাবে অভিনেত্রী তানজিন তিশাকে। এর বাইরে এই ঈদে একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে সিনেমা হলের পর্দায় নয়, দীপ্ত টিভির জন্য নির্মিত ‘সাহসিকা’ শিরোনামের একটি ছবিতে দেখা মিলবে তার। ছবিটি ঈদের তৃতীয় দিন বিকেল ৪টায় দীপ্ত টিভিতে প্রিমিয়ার হবে। ছবিটিতে ফারিয়ার ভূমিকায় অভিনয় করছে তানজিন তিশা এবং মাহাদির চরিত্রে মনোজ প্রামাণিক। তানিম রহমান অংশুর পরিচালনায় এতে আরো অভিনয় করেছেন পুলিশ অফিসার নাদিয়ার চরিত্রে তারিন ও ব্যারিস্টার ফরিদের চরিত্রে আশীষ খন্দকার। এছাড়াও আসামী পক্ষের আইনজীবীর চরিত্রে রয়েছেন মিথিলা। সাহসিকার চিত্রনাট্য করেছেন আহমেদ খান হীরক ও নাসিমুল হাসান। ছবিটির গল্পে দেখা যাবে, কলেজ পড়ুয়া ফারিয়ার প্রথম প্রেম মাহাদি। কিন্তু টিনএজ প্রেমে আঘাত লাগে যখন মাহাদির কাছেই তাকে ধর্ষণের শিকার হতে হয়! তখন প্রেম মুছে গেলেও গ্লানি মাথাচাড়া দিয়ে ওঠে। পরিবার থেকে শুনতে হয় তিরস্কার। ঘটনাটা ধামাচাপা দিতে আপন মানুষগুলোই উঠেপড়ে লাগে। এদিকে মাহাদির পক্ষ থেকেও হুমকি আসে। আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই নিজেকে গুটিয়ে নিতে পারতো ফারিয়া, কিন্তু তা না করে বিচার চাইতে এগিয়ে আসে সাহসী ফারিয়া। আর সেই সাহসের সঙ্গী হয় পুলিশ অফিসার নাদিয়া ও ব্যারিস্টার ফরিদ। আদালতের মঞ্চে চলে ন্যায়-অন্যায়ের আঘাত-পাল্টা-আঘাত! মাহাদির বিত্তের বিরুদ্ধে ফারিয়ার ন্যায় বিচারের লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতবে?