কোরবানির ঈদে প্রচলিত খাবারের বাইরেও ভিন্ন স্বাদের কিছু মেন্যু তৈরি করেন বাড়ির গৃহিনীরা। সেই মজার খাবারগুলো কি শুধু পরিবারের সদস্যরাই খেয়ে থাকেন? না, অতিথি আপ্যায়নেও দেখা মেলে মুখরোচক এই খাবারগুলো। ঈদে তেমনি ৩টি অন্য স্বাদের কাবাবের রেসিপি দিয়েছেন তাসনিয়া রহমান সৃষ্টি।

গোলা কাবাব
প্রয়োজনীয় উপকরণ
- গরু বা খাসির মাংসের কিমা ৫০০ গ্রাম
- পেঁয়াজ ১টি
- কাঁচামরিচ ২/৩টি
- কাজু বাদাম ৫/৬টি
- গরম মসলা গুঁড়া ১ টেবিল চামচ
- টমেটো সস ২ টেবিল চামচ
- কর্নফ্লাওয়ার ১ টেবিল চামচ
- রঙবেরঙের ক্যাপসিকাম ১ কাপ
- ঘি ২ টেবিল চামচ
- লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী
প্রথমে সমস্ত উপকরণ এক সাথে মিশিয়ে ব্লেন্ড করে নিন। তারপর হাতে ঘি লাগিয়ে গোল বলের শেপ দিয়ে গোলা কাবাব তৈরি করে কাঠিতে কাবাব ও ক্যাপসিকাম গেঁথে নিন। এরপর ইলেকট্রিক ওভেন ২০০ডিগ্রি তাপমাত্রায় ১৫ মিনিট উল্টে ১৫মিনিট এইভাবে ২ থেকে ৩বার উল্টে-পাল্টে বেক করলেই কাবাব তৈরি হয়ে যাবে। ননস্টিক পাত্রে একই ভাবে উল্টে-পাল্টে কাবাবটি ভেজে নেওয়া যাবে। কাবাব ভাজা হলে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ‘গোলা কাবাব’।

পুর ভরা শাম্মি কাবাব
প্রয়োজনীয় উপকরণ
- গরুর মাংস ১ কেজি
- বুটের ডাল ১ পট বা ২৫০ গ্রাম
- পেঁয়াজ কুঁচি ১টি
- আদা টুকরো ১ টেবিল চামচ
- রসুন ৩/৪ কোয়া
- এলাচ ৩/৪টি
- দারুচিনি ২ টুকরো
- তেজপাতা ২টি
- গোলমরিচ ১ টেবিল চামচ
- শুকনা মরিচ ৪/৫টি
- পেঁয়াজ বেরেস্তা ৩ টেবিল চামচ
- কিসমিস ২ টেবিল চামচ
- পুদিনাপাতা ৪ টেবিল চামচ
- ডিম ২টি
- ঘি ভাজার জন্য
- লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালী
সবার আগে একটি পাত্রে ১ টেবিল চামচ ঘি গরম করে পেঁয়াজ বেরেস্তা ,পুদিনাপাতা ও কিশমিশ দিয়ে নেড়ে কাবাবের পুর বানিয়ে রাখুন। তারপর বুটের ডাল ১ ঘন্টা ভিজিয়ে রাখুন। এরপর মাংস ছোট ছোট টুকরো করে কেটে ডাল ও সমস্ত মশলা দিয়ে মেখে সিদ্ধ করে নিতে হবে। এবার পাটায় পিষে নিয়ে তার মধ্যে ডিম ভেঙে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবশেষে গোলাকৃতির বা চাকাকৃতির কাবাব বানিয়ে ভেতরে বেরেস্তার পুর ভরে কাবাব তৈরি করে ঘি দিয়ে ভেজে পরিবেশন করুন সুস্বাদু ‘পুর ভরা শাম্মি কাবাব’।
.jpg)
ছেঁচা মাংসের কাবাব
প্রয়োজনীয় উপকরণ
- গরুর চাকা মাংস ১/২ কেজি
- পেঁপে বাটা ১ চা চামচ
- টক দই ৩ টেবিল চামচ
- আদা বাটা ১ টেবিল চামচ
- রসুন বাটা ২ চা চামচ
- জয়ফল-জৈত্রী গুঁড়া ১ চা চামচ
- জিরা গুঁড়া ১ টেবিল চামচ
- ধনে গুঁড়া ১ টেবিল চামচ
- চাক চাক করে পেঁয়াজ কাটা ১ কাপ
- কাঁচামরিচ ১০/১২ টি
- কাঁচামরিচ বাটা ১ চা চামচ
- সরিষার তেল ১/৪ কাপ
- লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালী
প্রথমে মাংস ফিলে করে কেটে ভালো করে ছেঁচে নিতে হবে। এবার তাতে টক দই সাথে বাটা ও গুঁড়া মসলা মেখে ১ ঘন্টা রেখে দিতে হবে। এরপর কড়াইতে ২ টেবিল চামচ সরিষার তেল গরম করে মাংস কষিয়ে পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ করে পানি শুকিয়ে নিতে হবে। তারপর কড়াইতে বাকি সরিষার তেল গরম করে পেঁয়াজ ও কাঁচামরিচ ভেজে মাংস দিয়ে ভাজা ভাজা করে নামিয়ে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন দারুণ মজার ‘ছেঁচা মাংসের কাবাব’।
ইত্তেফাক/আরএম
