বিনোদন প্রতিবেদক
ক্যারিয়ারে প্রথমবারের মতো জুটি বাঁধতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও অপু বিশ্বাস। ‘জখম’ শিরোনামের এই ছবিটি পরিচালনা করেবেন অপূর্ব রানা। ছবিটিতে জায়েদ-অপু ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সম্প্রতি ছবিটির মহরত অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। উল্লেখ্য, এর আগে একাধিকবার ভারতীয় অভিনেতা-অভিনেত্রীদের ঢাকাই চলচ্চিত্রে কাজের বিরোধীতা করে নানামুখী প্রতিবাদে সরব থাকতে দেখা গেছে জায়েদ খানকে। শিল্পী সমিতির পক্ষ থেকে অনেক শিল্পীকেই দেশে ফেরত পাঠিয়েছেন। কিন্তু দীর্ঘদিন পর সেই জায়েদ খানের ছবিতেই ওপার বাংলার শিল্পীর অন্তর্ভুক্তি সিনিয়র অনেকের কাছে এখন প্রশ্নবিদ্ধ! এ প্রসঙ্গে জায়েদ খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘যাদের আমরা ফেরত পাঠিয়েছি তারা ওয়ার্ক পারমিট না নিয়েই কাজ করতে এসেছিলেন। সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে কাজ কোনোভাবেই আমরা করতে দিতে পারি না। তবে নিয়ম মেনে কাজ করলে কোনো আপত্তি নেই। কিছুদিন আগেই তো বেশ কয়েকজন নিয়ম মেনে এদেশে কাজ করে গেলেন। আমার এই ছবিতেও নিয়ম মেনেই ওপার বাংলার শিল্পী নিয়ে কাজ করা হচ্ছে।’ এদিকে ‘প্রতিশোধের আগুন’ ছবিটির পর আর পর্দায় দেখা মেলেনি জায়েদ খানের প্রায় ২ বছর পর ক্যামেরার সামনে ফেরা প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘আমার অন্তর্জ্বালা সিনেমার সফলতার পর সেভাবে আর গড়পড়তা ছবি করতে চাইনি। পরে অনেক প্রস্তাব পেলেও সাংগঠনিক কাজেও ব্যস্ত ছিলাম, দেশের পরিস্থিতিও ভালো ছিল না। অপেক্ষা করছিলাম বড় বাজেটের, ভালো গল্পের জন্য। সেই সুযোগটি পেয়েছি। এখানে আমাকে ৩টি লুকে দেখা যাবে।’ অপু বিশ্বাস বলেন, ‘আমাদের চলচ্চিত্রে ক্রান্তিকাল চলছে। করোনা মহামারি সেই পালে আরো জোর হাওয়া লাগিয়েছে। এমন পরিস্থিতিতে প্রযোজকরা ছবি নির্মাণে আগ্রহী হচ্ছেন না। নতুন ছবির অভাবে একের পর এক সিনেমা হল বন্ধ হচ্ছে। এমন দুঃসময়েও নতুন ছবির যাত্রা চলচ্চিত্রের জন্য ইতিবাচক।’
জায়েদ খান ও অপু বিশ্বাস
