ভ্যাকসিন উত্পাদন বাড়ানোর প্রতিশ্রুতি এপেক নেতাদের

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২১:৪২

  ভার্চুয়াল বৈঠকে করোনা মোকাবিলায় অঙ্গীকার

রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের শি জিনপিংসহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক জোটের (এপেক) শীর্ষ নেতারা মহামারি মোকাবিলায় জোরদার লড়াই এবং কোভিড-১৯ এর ভ্যাকসিন উত্পাদন ও সরবরাহ বাড়াতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।  শুক্রবার এক ভার্চুয়াল বৈঠকে তারা এ প্রতিশ্রুতি দেন।

করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেলটা ধরনের বিস্তার রোধ করতে হিমশিম খাওয়া এ বিশ্বনেতারা বলেছেন, তারা ‘পারস্পরিক সমঝোতার ভিত্তিতে’ ভ্যাকসিন উত্পাদন প্রযুক্তি অন্য দেশে স্থানান্তরে উত্সাহ দেবেন। তারা বলেন, ‘মহামারি আমাদের অঞ্চলের মানুষ ও অর্থনীতির ওপর ক্রমাগত ভয়াবহ প্রভাব ফেলে যাচ্ছে। মানুষকে নিরাপদ, কার্যকর, মানসম্পন্ন ও সাশ্রয়ী টিকা দেওয়ার মাধ্যমেই আমরা কেবল এই সংকট থেকে মুক্তি পেতে পারি।’ কোভিড-১৯ মহামারি এবং অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা করতেই শুক্রবার এপেক নেতাদের এই বিশেষ বৈঠক হয়। নভেম্বরে আনুষ্ঠানিকভাবে একত্রিত হওয়ার আগে জোট নেতারা এদিন মহামারি নিয়ে এ বিশেষ ভার্চুয়াল বৈঠক করলেন। এর আগে কখনোই শীর্ষ সম্মেলনের আগে এ ধরনের বৈঠক দেখা যায়নি। বৈঠকের পর নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আডার্ন বলেছেন, ‘টিকা উত্পাদন, অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া এবং টিকার ব্যবহার—এসবের মাধ্যমে কীভাবে বৈশ্বিক টিকাদান কর্মসূচিতে সহায়তা করব, আমরা এখন তার দিকে নজর দিচ্ছি।’

এপেক নেতাদের এই বিশেষ বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভ্যাকসিন উত্পাদন ও সরবরাহের ক্ষেত্রে থাকা বাধাগুলো দূর করার ওপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে ইন্দোনেশিয়ার কোভিড পরিস্থিতি এবং থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় সংক্রমণের নতুন ঢেউসহ দেশে দেশে শনাক্ত রোগী বেড়ে যাওয়ার উদ্বেগজনক পরিস্থতি নিয়ে আলোচনা হয়।