‘যুক্তরাষ্ট্রে যেখানে টিকাদান কম, সেখানে মৃত্যু বেশি’

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২১:৪৪

রয়টার্স

বিশ্বে বর্তমানে করোনা ভাইরাসের ডেলটা ধরনটি সবচেয়ে বেশি সংক্রমণ ছড়াচ্ছে এবং যুক্তরাষ্ট্রে বিশেষ করে যারা এখনো টিকা গ্রহণ করেনি তাদের মৃত্যুর কারণ হয়ে উঠেছে বলে জানিয়েছেন সে দেশের কর্মকর্তারা।

শুক্রবার ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) পরিচালক রোশেলে ওয়ালেনস্কি জানান, যুক্তরাষ্ট্রে যেসব অংশে টিকাদানের হার কম সেখানে গত সপ্তাহে কোভিড-১৯-এ আক্রান্তের হার ৭০ শতাংশ এবং মৃত্যু ২৬ শতাংশ বেড়ে গেছে। সিডিসির তথ্য অনুযায়ী, সাত দিনের গড় দৈনিক সংক্রমণের সংখ্যা এখন ২৬ হাজারের বেশি, যা জুনের চেয়ে দ্বিগুণ। জুনে এই সংখ্যাটি ১১ হাজারে নেমেছিল। হোয়াইট হাউসের কোভিড-১৯ রেসপন্স সমন্বয়ক জেফ জিয়েন্টস জানান, আরকানসাস, ফ্লোরিডা, লুইজিয়ানা, মিজৌরি ও নেভাডায় করোনা ভাইরাসে সংক্রমণ সংখ্যায় উল্লম্ফন দেখা দিয়েছে। এসব রাজ্যে টিকাদানের হার জাতীয় গড় হারের চেয়ে কম। ওয়ালেনস্কি জানান, যুক্তরাষ্ট্রে এখন যারা কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে তাদের ৯৭ শতাংশই টিকা নেননি। তিনি জানান, এটা এখন টিকা গ্রহণ না করাদের মহামারিতে পরিণত হয়েছে। তিনি আরো বলেন, সাম্প্রতিক মাসগুলোতে সংক্রমণ উল্লেখযোগ্য হারে কমে আসার পর এখন আবার যুক্তরাষ্ট্র জুড়ে কাউন্টিগুলোতে কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়ার উচ্চ ঝুঁকি দেখা দিয়েছে।