কাহারোল (দিনাজপুর) সংবাদদাতা
কোরবানি ঈদকে সামনে রেখে কাহারোলের কামাররা ব্যস্ত সময় পার করছেন। দিন যত ঘনিয়ে আসছে কামারশালায় ব্যস্ততা ততই বাড়ছে। দা, ছুরি, বঁটি, চাকু, চাপাতি, কাস্তে, কুড়ালসহ বিভিন্ন যন্ত্র তৈরি করছেন তারা। আবার অনেকে পুরাতন দা, বঁটি সংস্কারের জন্য নিয়ে আসছেন তাদের কাছে। কাহারোল বাজারে সম্ভু নাথ, খর্গনাথসহ একাধিক কারিগর জানান, পরিশ্রমের চেয়ে পারিশ্রমিক কম এ পেশায়। তাই সময়ের বিবর্তনে জীবিকার তাগিদে পূর্বপুরুষের পেশা ছেড়ে অন্য কাজে ঝুঁকে পড়ছেন অনেকে। তবে কোরবানি ঈদে আমাদের দম ফেলার সময় থাকে না। বর্তমানে সব কামারই ব্যস্ত সময় পার করছেন।
