দৌলতপুরে পদ্মায় মা নিখোঁজ, মেয়ে উদ্ধার

আপডেট : ১৭ জুলাই ২০২১, ২১:৫১

দৌলতপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

দৌলতপুরের ফিলিপনগর ইউপির ইসলামপুর এলাকায় পদ্মা নদী থেকে শুক্রবার রাতে আয়েশা (৫) নামের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির মা তানজিলা খাতুন (৩২) নিখোঁজ রয়েছেন। তিনি ইসলামপুর হাজীর হাটের আজের প্রামাণিকের মেয়ে এবং ভেড়ামারা উপজেলার কুঠিপাড়ার মাহাবুল বিশ্বাস নয়নের স্ত্রী। শনিবার সকাল থেকে ভেড়ামারা ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজ তানজিলার সন্ধান চালিয়ে যাচ্ছিল।

এলাকাবাসী জানায়, শুক্রবার রাত ৩টার দিকে স্থানীয় গোয়ালারা বাচ্চার কান্নার শব্দ শুনে নদীপাড়ে ছুটে যান এবং মেয়েটিকে উদ্ধার করেন। এরপর তারা জানতে পারেন শিশুটির মা তানজিলা নদীতে তলিয়ে গেছে। তানজিলা খাতুনের বাবা আজের প্রামাণিক জানান, তার মেয়ে কিছুদিন ধরে মানসিক ভারসাম্যহীনের মতো আচরণ করছিল। এর আগেও কয়েকবার সে আত্মহত্যার চেষ্টা করেছিল। শুক্রবার রাতে সে তার শিশু কন্যাকে নিয়ে পদ্মায় ঝাঁপ দেয়। দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন ঘটনাটি শুনেছেন বলে জানান।